পাঠক-বিচারকের রায় মিলে গেল তামিমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার
রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার

মাত্রই কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূর্ণ করলেন। এর মধ্যে প্রাপ্তির খাতাটাও অনেক ভারী। তবে একটা আক্ষেপ ছিল তামিম ইকবালের। সেটি তিনি কাছের মানুষদের বলেছিলেনও। বারবার এত কাছে গিয়েও জেতা হচ্ছিল না যেটি, এবার দ্বিগুণ ভারে বর্ধিত হয়ে তা-ই পৌঁছে গেল তামিমের কাছে। ২০১৬ সালের রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বড় দুটি ট্রফি জিতেছেন তামিম। বিচারকদের পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন তামিম।
এখানে পাঠক ও গুণী বিচারকদের রায় মিলে গেছে একই বিন্দুতে। তামিমের মতো গতবার পাঠক ও বিচারকের রায়ে বর্ষসেরা হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। টানা দুবার পাঠক ও বিচারকের রায় মিলে গেল। বর্তমানে পিএসএলে খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা তামিম ভিডিও-বার্তায় বলেছেন, ‘এই পুরস্কারটিকে আমি অনেক গুরুত্ব দিই। সত্যি বলি, আগে বেশ কয়েকবার আমার প্রত্যাশা ছিল পুরস্কারটা আমি পাব। কিন্তু শেষ পর্যন্ত রানারআপ হতে হয়েছিল। এবার পেয়ে তাই খুব খুশি। সামনে বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে। আশা করব এ বছরও ভালো ক্রিকেট খেলতে পারব।’
বিচারকেরা অবশ্য এখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তামিমের পাশাপাশি ২০১৬ সালের বর্ষসেরা হিসেবে পুরস্কৃত করেছেন মাহফুজা খাতুন শিলাকেও। গত বছর এসএ গেমসের সাঁতারে দুটি সোনা জিতেছেন শিলা। এসএ গেমসে নারী হিসেবে সোনা জেতার তালিকাটা খুব বেশি বড় নয়। তার ওপর প্রথম নারী সাঁতারু হিসেবে এই অর্জন শিলার। সেই অর্জন ঋদ্ধ হয়েছে একসঙ্গে দুটি সোনা জিতে। তামিমের সঙ্গে তারকাখ্যাতির দূরত্বটা অযুত ক্রোশের হলেও এখানে শিলা নিজ অর্জনে বসে গেলেন পাশাপাশি।
প্রতি বছর মোট ছয়টি বিভাগে দেওয়া হয় সাতটি পুরস্কার। বর্ষসেরা রানারআপ হন দুজন। এবার রানারআপ হয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার ও শুটার শাকিল আহমেদ। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন ফুটবলার কৃষ্ণা রানি সরকার। বর্ষসেরা উদীয়মান মেহেদী হাসান মিরাজ।
প্রতি বছর একজনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এবার এই পুরস্কার পেয়েছেন ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদ। বাংলাদেশের ক্রিকেটের শুরুর সেই কঠিন দিনগুলোতে শক্ত করে হাল ধরে ছিলেন তিনি। বিসিবির সাধারণ সম্পাদকও ছিলেন এক সময়।
আয়োজনে বিচারক ছিলেন ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী, সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার আলফাজ আহমেদ ও ক্রীড়া সাময়িকী ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ। বিচারকদের পক্ষ থেকে জুরি বোর্ডের চেয়ারম্যান জালাল আহমেদ চৌধুরী বলেন, ‘আমি প্রায় শুরু থেকেই জুরি বোর্ডে যুক্ত আছি। প্রথমে সদস্য ছিলাম, এরপর চেয়ারম্যানের ভার দেওয়া হয়েছে। এতটুকু বলতে পারি, এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিচারকদের নিরপেক্ষভাবে কাজ করার যে স্বাধীনতা দেওয়া হয়, তা অনেকের জন্য উদাহরণ।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘এটি খেলার বিকেল, আনন্দের বিকেল। খেলার মিলন মেলা। আমরা মন থেকে বিশ্বাস করি বলেই বলি, এই অনুষ্ঠান আপনাদের। এই একটা অনুষ্ঠান যেখানে বাংলাদেশের সব খেলার সাবেক-বর্তমান ক্রীড়াবিদ, সংগঠকেরা মিলিত হন। আমরা শুধু অনুঘটকের দায়িত্ব পালন করি।’
উৎপল শুভ্র এ সময় মঞ্চে মোস্তাফিজুর রহমানকে ডেকে নেন। মোস্তাফিজ বলেন, ‘গতবার পুরস্কারটা নিজ হাতে নিতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল মিলে সেবার দীর্ঘ সময় বাড়ির বাইরে ছিলাম। ফিরেই ক্লান্ত হয়ে গেছি। চোটও ছিল। তাই বাড়িতেই থেকে গেছি। বেশ কিছুদিন হলো আমি ক্রিকেটে নিয়মিত হতে পারিনি। দোয়া করবেন যেন সুস্থ থেকে দেশকে কিছু দিতে পারি।’
অনুষ্ঠানের সহ-আয়োজক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহা ব্যবস্থাপক ইনাম আহমেদ বলেন, ‘রূপচাঁদা ছাড়াও আমরা আরও কয়েকটি ভোজ্য তেল দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। আমাদের পণ্যের সঙ্গে মানুষের স্বাস্থ্য সরাসরি জড়িত। আমরা চাই সুস্থ দেহ, সুন্দর মন। এ কারণে আমরা বেশ কিছুদিন ধরে খেলাধুলার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়েছি। আর ক্রিকেট বা ফুটবল নয়; আমরা সেই সব খেলা বেছে নিয়েছি, যেগুলো সাধারণত অতটা পৃষ্ঠপোষকতা পায় না। এখানে সব খেলার মানুষ এসেছেন। সব খেলা মিলিয়েই আমাদের ক্রীড়াঙ্গন, এই বার্তাটা যেন এখান থেকে ছড়িয়ে যায়।’
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাঁর স্মৃতিচারণায় শৈশবের ক্রীড়া নায়কদের কথা তুলে আনেন। বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ক্রীড়াঙ্গনের নায়কেরা কিশোরদের, তরুণদের অনুপ্রাণিত করেন। তাঁরাই আমাদের সত্যিকারের নায়ক। ক্রীড়াঙ্গনের সব নায়ককেই তাই আমরা সম্মান জানাতে চাই।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ছোট পর্দার তারকা ফয়সাল ও সংগীতশিল্পী লিজা। অনুষ্ঠানে ছিল ক্রিকেট ও ফুটবলের বিতর্ক। বাংলাদেশের জাতীয় ক্রীড়া সংগীত নিয়ে পরিবেশনা, যাতে অংশ নেন রুপালি পর্দার তারকা ফেরদৌস ও নুসরাত ফারিয়া। দেখানো হয় প্রথম আলো নির্মিত তথ্যচিত্র ‘অধিনায়ক ও নায়কেরা’।
এই পুরস্কারে আজীবন সম্মাননা ও বর্ষসেরা ক্রীড়াবিদ প্রত্যেকে ২ লাখ টাকা করে পুরস্কার ও একটি ক্রেস্ট পান। অন্যান্য বিভাগের বিজয়ীরা পুরস্কার হিসেবে ক্রেস্টের পাশাপাশি পান ১ লাখ টাকা করে।