পানশালার লড়াই এবার মাঠে?
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার বাঁচামরার লড়াই। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে হলে জিততেই হবে। এমন একটি ম্যাচ জয়ের জন্য অস্ট্রেলিয়ার বড় এক ভরসা ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ইংল্যান্ড তাদের তুমুল প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে অনেকটাই তাকিয়ে থাকবে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটের দিকে। ওয়ার্নার-রুট লড়াইটা বেশ জমে উঠবে বলেই মনে হয়।
লড়াইটা চ্যাম্পিয়নস ট্রফির। ভেন্যুও একই। মুখোমুখি সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দলে আছেন রুট, অস্ট্রেলিয়ায় ওয়ার্নার। এটি দেখে চার বছর আগের একটি ঘটনা মনে পড়ে যাচ্ছে না! ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে হতাশায় নুয়ে পড়েছিল পুরো অস্ট্রেলিয়া দল। ওয়ার্নার বুঝি একটু বেশিই। হারের সেই রাতে বার্মিংহামের একটি পানশালায় গিয়ে ঝামেলা পাকিয়েছিলেন। এমনকি ঘুষি মেরে বসেছিলেন রুটকে। তারপর ওয়ার্নার নিষিদ্ধ হয়েছিলেন, দিতে হয়েছিল জরিমানাও।
চার বছরে অনেক বদলে গেছেন অস্ট্রেলিয়ার ওপেনার। সেই ঘটনা মনে করে ওয়ার্নার বলেছেন, ‘আমার জন্য এটা ছিল একটা শিক্ষা। তখন আমার বয়স কম ছিল। এখন বয়স বেড়েছে। আর এখন আমি বিবাহিত, আমার দুটি সন্তান আছে।’ ৩০ বছর বয়সী ওয়ার্নার চার বছর আগের সেই ঘটনায় অনুতপ্ত। সুযোগ পেলে রুটের কাছে অনুতাপটা প্রকাশ করবেন বলেও জানিয়েছেন, ‘তাঁর সঙ্গে দেখা হলে আমি হাত মিলিয়ে নেব।’ সে না হয় নেবেন, কিন্তু মাঠের খেলায় তো আর ছাড় দেবেন না! সেই ঘটনা হয়তো তাঁকে তাতিয়ে দেবে ইংলিশ বোলারদের ওপর খড়্গহস্ত হতে! এএফপি।