পানিতে কেন বল ভেজাচ্ছে রাজশাহী?

>এম এ আজিজ স্টেডিয়ামে আজ ভেজা বলে নেট সেশন করেছে রাজশাহী রয়্যালস। অনুশীলনে কেন এই ভেজা বল?
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারের পরদিন এম এ আজিজ স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে কথায় কথায় প্রসঙ্গটা তুলেছিলেন ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সে ম্যাচের শেষ দিকে পেরেরার ২৭ বলে ৪৭ রানের বিস্ফোরক ইনিংসও ঢাকার হার এড়াতে পারেনি। সালাউদ্দিন বলছিলেন, বেশি কুয়াশা পড়ায় বল একটু নিচু হয়ে আসছিল। পেরেরা সোজা খেলেও জায়গামতো পাচ্ছিল না। অর্থাৎ, কুয়াশায় ভেজা বলটা উইকেটে পড়ে খুব একটা ওঠেনি।
উইকেট যত ভালোই হোক, শীতের এ সময়ে কুয়াশা প্রত্যাশিত বাউন্স পাওয়ায় বেশ বড় সমস্যা। বোলাররাও বল ঠিকঠাক গ্রিপ করতে পারেন না। বল উইকেটে ফেলে তেমন একটা বাঁক পান না স্পিনাররাও। আজ এম এ আজিজ স্টেডিয়ামের প্রধান প্রবেশদ্বারের পাশেই ‘নক’ করছিলেন ঢাকার অলরাউন্ডার আরিফুল হক। তাঁকে ভেজা বল নিয়ে জিজ্ঞেস করতেই প্রথম আলোকে বললেন, ‘সমস্যা তো হয়ই। পেসার, স্পিনাররা কেউ বল ঠিকঠাক গ্রিপ করতে পারে না। বল পড়ে সোজা সোজা যায়। ফিল্ডিংয়েও সমস্যা হয়। অনুশীলনে তাই ভেজা বল লাগে।’
আরিফুলকে ভেজা বল নিয়ে জিজ্ঞেস করার কারণ, মাঠের ডান প্রান্তে রাজশাহী রয়্যালসের নেট সেশন। পরশু সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী। আজ সকাল ১১টায় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করেন প্রধান কোচ ওয়াইজ শাহ। একটি নেটে ছিলেন আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই। পাশের নেটে আফিফ হোসেন। এ দুটি নেটে স্থানীয় বোলারদের সঙ্গে ছিলেন আবু জায়েদ, কামরুল ইসলাম ও তাইজুল ইসলামরা। বেশির ভাগই বল করেছেন ভেজা বল দিয়ে। তেমন একটা উঠছিল না ডেলিভারিগুলো।
জাজাই ও আফিফ বেরিয়ে যাওয়ার পর নেটে ঢোকেন অলক কাপালি, ইরফান শুক্কুর। আবু জায়েদ কাপালিকে দু-তিনটি ডেলিভারি করার পর এ ব্যাটিং অলরাউন্ডার বলে ওঠেন, ‘ভেজা বল রে। ব্যাটের যে কী হয়!’ আসলে ব্যাটে পানি লাগাটাই একটা সমস্যা। অনেক ক্ষেত্রে ফুলে যায়, স্বাভাবিক স্ট্রোক নষ্ট হয়। অন্য প্রান্তে ইরফান শুক্কুরকে তাইজুলও ছাড়ছিলেন ভেজা ঘূর্ণি। সকালের শুকনো উইকেটে বাঁক পাচ্ছিলেন তাইজুল। কিন্তু পরশু সন্ধ্যার ম্যাচের উইকেট তো তেমন থাকবে না। তাই এই বিশেষ প্রস্তুতি।
চট্টগ্রামে টানা দু-দিন দুটি ম্যাচ খেলবে রাজশাহী। দুটি ম্যাচই সন্ধ্যায়। প্রতিপক্ষের পাশাপাশি শিশিরের সঙ্গেও লড়তে হবে কাপালি-জায়েদদের। জাতীয় দলে খেলা কাপালি নেট সেশন শেষে প্রথম আলোকে জানালেন ভেজা বলের প্রস্তুতি নিয়ে, ‘দুটো ম্যাচ রাতে আছে। এ দুটো ম্যাচের জন্যই ভেজা বল।’
ভেজা বল সামলানো নিয়েও কথা বললেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার। কাপালি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনও করে থাকেন। এবার বিপিএলে দেশি লেগ স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট তাঁর। সন্ধ্যার দুটো ম্যাচে শিশিরসিক্ত বল গ্রিপ করার চ্যালেঞ্জ নিতে হবে তাঁকেও। এ নিয়ে কাপালি বললেন, ‘(বোলারদের) গ্রিপের জন্য এ অনুশীলন। অনেক সময় (হাত থেকে) স্লিপ করে ফেলে বলটা। নো বল হয়। গ্রিপিং (বল ধরা) ভালো করতেই এসব করা আর কি।’