গ্রাউন্ডস কমিটি আগেই জানিয়ে দিয়েছিল যে পানি জমে মাঠ খেলার অনুপযুক্ত। আপাতত সেখানে ম্যাচ আয়োজন সম্ভব নয়। তারপরও তৃতীয় বিভাগ ক্রিকেটের প্রতি রাউন্ডেই সিসিডিএম ম্যাচ দিচ্ছে ফতুল্লার আউটার স্টেডিয়ামে। খেলা হচ্ছে না। ম্যাচের দুই দল মাঠে না নেমেই নিয়ে যাচ্ছে একটি করে পয়েন্ট।
ফতুল্লার মূল স্টেডিয়ামের বাইরের মাঠে বিস্ময়কর এই কাণ্ড ঘটে চলেছে গত ২৯ মে সুপার লিগের শুরু থেকেই। ৩ জুন ঢাকা ক্রিকেট একাডেমি ও প্রগতি সেবা সংঘের ম্যাচ ছিল সে মাঠে। পরদিন ছিল অ্যাক্সিওম ক্রিকেটার্স ও বাড্ডা একতা সমাজকল্যাণ সংঘের খেলা। পানিতে মাঠ-উইকেট ডুবে থাকায় দুই দলের কোনো ম্যাচই হয়নি। এর পর পাঁচ দিন ওই মাঠে কোনো খেলা দেওয়া না হলেও পঞ্চম রাউন্ডে আবারও দেওয়া হয়েছে তিনটি ম্যাচ। গত পরশু ও কালকের পর আজও খেলা হওয়ার কথা সেখানে। অথচ এ মাঠে কোনো ম্যাচই যে হবে না, আগে থেকে সবারই তা জানা।
ফতুল্লার আউটার স্টেডিয়ামটি পাশের ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক থেকে বেশ নিচুতে। বৃষ্টির পানি তো জমেই, মাঠে ঢুকে পড়ে বাইরের নর্দমার উপচে পড়া পানিও। বৃষ্টি ছাড়াও তাই লম্বা সময় পানি জমে থাকে। খেলার মতো পরিস্থিতি তখন থাকেই না। কাল সকালে বৃষ্টির আগে মাঠ কিছুটা শুকিয়ে এসেছিল। কিন্তু তাতেও ম্যাচ হওয়া সম্ভব ছিল না বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির এক কর্মকর্তা। গ্রাউন্ডস কমিটি মাঠ খেলার অনুপযুক্ত বলার পরও সেখানে খেলা দেওয়া হচ্ছে জেনে তিনিও বিস্মিত।
কাল মুঠোফোনে কারণটা জানতে চাওয়া হলে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ সমন্বয়কারী মিরাজ হোসেন প্রথমে বললেন, ‘আমাদের মাঠসংকট আছে। প্রিমিয়ার লিগ ও মহিলা লিগ একসঙ্গে চলায় আমরা মাঠ পাচ্ছি না।’ তাই বলে যে মাঠ দিনের পর দিন পানিতে ডুবে থাকছে এবং যেখানে খেলা হওয়া সম্ভব নয় বলে সবাই জানে, সেখানে ম্যাচ রাখা হবে! মিরাজ এবার নিজের অসহায়ত্ব তুলে ধরতে চাইলেন, ‘আসলে আমিও চেয়েছিলাম এ অবস্থায় খেলা বন্ধ রাখতে। কিন্তু ক্লাবগুলোর দাবির মুখে খেলা দিতে হচ্ছে। তারা চাচ্ছে দ্রুত লিগ শেষ করতে। নতুবা ক্যাম্প খরচ বেড়ে যাবে।’
ক্লাবগুলোর চাপে অনিয়মই নিয়ম হয়ে যাচ্ছে ঢাকার ক্রিকেটে!