পান্ডিয়া–চমকে ১৩০ রানেই আটকে গেল রাজস্থান

৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রাজস্থানকে ১৩০ রানে আটকে দিলেন হার্দিক পান্ডিয়াছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুমে বোলিংয়ে নিয়মিত ছিলেন না মোটেও। হার্দিক পান্ডিয়া নিজের বোলিং ‘সত্তা’ ফিরিয়ে আনতে বেছে নিলেন ফাইনালকে। পঞ্চম বোলার হিসেবে এসে ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন ৩ উইকেট, সেটিও রাজস্থানের ‘বিগ থ্রি’র—জস বাটলার, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার। আহমেদাবাদে ১৫তম আইপিএলের ফাইনালে পান্ডিয়া ও তাঁর গুজরাট টাইটানসের দুর্দান্ত বোলিংয়ে টসে জিতে ব্যাটিং নিয়েও ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান।

রাজস্থানের এখন সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে ২০১৭ সালের ফাইনাল। ১২৯ রানের সম্বল নিয়েও সেবার ১ রানে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস, আইপিএল ফাইনালে সবচেয়ে কম রানের সম্বল নিয়ে জেতার রেকর্ড সেটিই।

টসে হেরে ফিল্ডিং করতে নেমে গুজরাট পেসাররা উইকেটের সহায়তা আদায় করেছেন দারুণভাবে। মোহাম্মদ শামি ও যশ দয়ালের আঁটসাঁট বোলিংয়ে ইনিংসের প্রথম দুই ওভারে রাজস্থান মারতে পেরেছে মাত্র একটি বাউন্ডারি। যশস্বী জয়সোয়াল হাত খুলতে চেয়েছিলেন, তবে চতুর্থ ওভারে যশ দয়ালকে একটি ছয়ের পর আরেকটি মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন ১৬ বলে ২২ রান করেই।

টুর্নামেন্টের আগের দুই ম্যাচেই রশিদ খানকে দেখেশুনে খেলছে রাজস্থান। তাঁকে পাওয়ারপ্লের শেষ ওভারেই আজ আনেন হার্দিক পান্ডিয়া। রশিদের প্রথম বলে মিসফিল্ডে চার পান সঞ্জু স্যামসন, কিন্তু আফগান লেগ স্পিনারের ওপর চড়াও হননি তাঁরা। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪৪ রান তোলার পর সপ্তম ওভারে লকি ফার্গুসনকে পরপর দুইটি চার মারেন বাটলার, তবে রাজস্থান এরপর খোলসবন্দী হয়ে পড়ে।

গুজরাটের বোলিং–নায়ক হার্দিক পান্ডিয়া
ছবি: আইপিএল

অষ্টম থেকে ১৪তম—এ ৭ ওভার বাউন্ডারি আসে মাত্র দুইটি। এ সময়ে সঞ্জু স্যামসনকে ফেরান পান্ডিয়া, ১১ বলে ১৪ রান করে শর্ট অফ আ গুডলেংথ বলে তুলে মারতে গিয়ে মিস টাইমিংয়ে ক্যাচ দেন রাজস্থান অধিনায়ক। এরপর দেবদূত পাডিক্কালকে ‘মুক্তি’ দেন রশিদ। চারে নেমে পাডিক্কাল ১০ বলে করেছেন মাত্র ২ রান।

রাজস্থান সবচেয়ে বড় আঘাতটা পায় ১৩তম ওভারের প্রথম বলে। আবার গুজরাটের ‘নায়ক’ পান্ডিয়া, এবার তাঁর শিকার জস বাটলার। প্রথম ২৫ বলে ২৫ রান করেছিলেন বাটলার, গুজরাটের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারেও ধীর গতির শুরু ছিল তাঁর। ৫৬ বলে সে দিন ৮৯ রান করেছিলেন বাটলার, আজ ফিরলেন ৩৫ বলে ৩৯ রান করেই।

ওভার ফুরিয়ে আসছে, সঙ্গে উইকেট হারিয়ে ফেলা—রাজস্থান তখন দ্বিমুখী চাপে। শিমরন হেটমায়ার পান্ডিয়াকে দুই চার মেরে একটু চেষ্টা করেছিলেন, তবে ‘প্রতিশোধ’ নিতে বেশি সময় লাগেনি পান্ডিয়ার। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন গুজরাট অধিনায়ক, এ মৌসুমে যিনি এর আগে কোনো ম্যাচেই একাধিক উইকেট পাননি। তিনি ও রশিদ মিলে ৮ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বোলার বাঁহাতি স্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোরকে ১৬তম ওভার পর্যন্ত আগলে রাখতে পেরেছে গুজরাট। ততক্ষণে রাজস্থানের বাঁহাতি ব্যাটসম্যানরাও ফিরে গেছেন। ২ ওভারে ২০ রান দিলেও ২ উইকেট নিয়েছেন সাই—নিজের ‘হিরো’ রবিচন্দ্রন অশ্বিন ও ট্রেন্ট বোল্টকে। শামির শেষ বলে রিয়ান পরাগ বোল্ড হয়েছেন ১৫ বলে ১৫ রান করে। ৫ বলে ৮ রান করা ওবেদ ম্যাকয় হন রান-আউট।