পান্ডিয়ার পর কুলদীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর হার্দিক পান্ডিয়া l এএফপি
সেঞ্চুরির পর হার্দিক পান্ডিয়া l এএফপি

হতেও হতেও প্রথম দিনটি পুরোপুরি ভারতের হয়নি। তবে কাল দ্বিতীয় দিনটিকে ভারতের করে তুলেছেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। এতটাই যে, অধিনায়ক বিরাট কোহলি তাতে আরেকটি ইনিংস জয়ের উদ্‌যাপনই হয়তো সাজাচ্ছেন।

৩৭.৪ ওভারে ১৩৫ রানে অলআউট। ঘরের মাঠে এর চেয়ে কম ওভারে মাত্র দুবার আউট হয়েছে শ্রীলঙ্কা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে চান্ডিমালের দল। ভারতকে দ্বিতীয়বার ব্যাট করতে নামাতে তুলতে হবে আরও ৩৩৩ রান। সিরিজজুড়ে হতশ্রী ব্যাটিং করা লঙ্কানরা সেটা পারবে বলে বিশ্বাস কম। তিন টেস্টের সিরিজে তাদের তিন শ পেরোনো ইনিংসই আছে একটি। সেটি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে, ফলোঅন করে ৩৮৬।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ধস নেমেছে দুবার। একবার শুরুতে, আরেকবার শেষে। প্রথম ৪ উইকেট হারায় তারা ২৪ রানে। প্রথম উইকেট পড়ে ১৪ রানে, চতুর্থটি ৩৮ রানে। দুই ওপেনারকে ফিরিয়েছেন মোহাম্মদ শামি। শ্রীলঙ্কা শেষ ৬ উইকেট হারায় ৩৪ রানে। তাদের শেষের ধসটা মূলত ভারতের প্রথম চায়নাম্যান বোলার কুলদীপের হাতে। ৬ উইকেটের চারটিই নেন তিনি। ১৩তম ওভারে আক্রমণে এসে টানা ১৩ ওভারের স্পেলে ৪ উইকেট নিয়েছেন ৪০ রানে। প্রতিরোধ গড়ে তোলা দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকভেলার জুটিটি ভেঙেছেন এই বাঁহাতিই। শ্রীলঙ্কার ইনিংস-সর্বোচ্চ ৬৩ রানের পঞ্চম উইকেট জুটিটি ভাঙে ডিকভেলার বিদায়ে।

দিনের প্রথম অংশটি ছিল শুধুই পান্ডিয়ার। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন এই সিরিজেই অভিষিক্ত অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি তাঁর প্রথম সেঞ্চুরি। কাল এক রান নিয়ে ব্যাট করতে নামা পান্ডিয়া ফিফটি করার পরই নবম উইকেট হারায় ভারত। লাঞ্চ বিরতির তখনো ১০ মিনিট বাকি। তবে সেশনটির দৈর্ঘ্য ৩০ মিনিট বাড়িয়ে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে ‘নাম্বার ইলেভেন’ উমেশ যাদবকে সঙ্গে নিয়ে তোলেন ৬৬ রান। যেখানে তাঁর রান ৫৮, উমেশের ৩। প্রথম ফিফটিটি করেন ৬১ বলে। বাঁহাতি স্পিনার পুষ্পকুমারার এক ওভারেই নিয়েছেন ২৬ রান। ৮৬ বলে করেছেন সেঞ্চুরি, যেটি বিদেশের মাটিতে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৯৬ বলে ১০৮ করে। এর আগে মেরেছেন আটটি চার ও সাতটি ছক্কা। ক্রিকইনফো।