পান্ডিয়ায় স্টোকসকে খুঁজছে ভারত

আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার আবির্ভাব সংক্ষিপ্ততম সংস্করণ দিয়ে, গত বছরের জানুয়ারিতে। টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করে গত বছরেরই অক্টোবরে জায়গা পান ভারতের ওয়ানডে দলে। সে থেকেই ছিলেন টেস্ট আঙিনায় পা রাখার অপেক্ষায়। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে এই অলরাউন্ডারের ঘুচেছে সেই অপেক্ষা। মাত্র তো শুরু। সাদা পোশাকে ভারতের হয়ে পান্ডিয়া আরও অনেক দিন খেলবেন বলেই মনে হয়। তাঁর মধ্যে যে বেন স্টোকসকে খুঁজে পাচ্ছে ভারত।
সাধারণ দর্শক থেকে ক্রিকেট-পণ্ডিতদের অনেকেই ইংল্যান্ডের স্টোকসকে মনে করেন এই সময়ের সেরা পেস বোলিং অলরাউন্ডার। কেন এটা মনে করা হয় তা ওভাল টেস্টেও দেখিয়েছেন স্টোকস। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে ৩৫৩ রান করেছে ইংল্যান্ড। পরে বল হাতে উইকেট নিয়েছেন একটি। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি পান্ডিয়া। প্রথম ইনিংসে করেছেন ফিফটি। দুই ইনিংসে ১০ ওভার বল করে নিয়েছেন একটি উইকেট।
অভিষেক টেস্টে পান্ডিয়ার পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি, ‘দেশের বাইরে খেললে একজন অলরাউন্ডার দলে ভারসাম্য আনে। আমাদের দলে সেই অলরাউন্ডার হতে পারে পান্ডিয়া। আত্মবিশ্বাসী হলে ও হয়তো বেন স্টোকসের মতো একজন হবে। পান্ডিয়ার ভারত দলের স্টোকস না হওয়ার কোনো কারণ দেখি না।’
গল টেস্টে একমাত্র উইকেটটি পান্ডিয়া পেয়েছেন প্রথম ইনিংসে ৩ ওভার বল করে। দ্বিতীয় ইনিংসে ৭ ওভার বল করে দিয়েছেন ২১ রান। তবে পান্ডিয়ার বোলিংয়ে খুশি কোহলি, ‘প্রথম ইনিংসে ও বেশি বোলিংয়ের সুযোগ পায়নি। উইকেটে বোলারদের জন্য কিছু না থাকলেও দ্বিতীয় ইনিংসে খুব ভালো বোলিং করেছে।’ রয়টার্স