পারফরম্যান্স মূল্যায়ন কমিটি হচ্ছে
সিরিজের মাঝখানে পারফরম্যান্স নিয়ে কথা বলতে চান না বিসিবি প্রধান নাজমুল হাসান। তবে বলতে না চেয়েও শেষ পর্যন্ত বললেন বেশ কিছু কথা। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স, নেতৃত্বের দুর্বলতা, একাদশ সাজানো নিয়ে আলোচনা হয়েছে কালকের বিসিবি সভাতেও। সিদ্ধান্ত হয়েছে দল দেশে ফেরার পর এসবের ব্যাখ্যা চাওয়া হবে কোচ-অধিনায়কের কাছে।
প্রথম ওয়ানডেতে বাঁহাতি স্পিনার না খেলানো, প্রথম দুটিতেই শামসুর রহমানকে মিডল অর্ডারে খেলানো নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। সরাসরি সেসব উল্লেখ না করলেও বিসিবি প্রধানের কথায় ইঙ্গিত মিলল বোর্ড সভায় বিষয়গুলো উঠেছে, ‘দল নির্বাচন নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। ওয়ানডেতে একাদশে কারা থাকবে, সেটা সাধারণত অধিনায়কই ঠিক করে। এখন নতুন কোচ আসার পর জানি না সেটা কী হয়েছে। গেম প্ল্যান নিয়েও প্রশ্ন আছে। একইভাবে আমরা বারবার হারছি। কেন এমন হচ্ছে, সেটা নিয়েও কথা বলব। এর মধ্যেই এসব প্রশ্ন করতে ওয়েস্ট ইন্ডিজ গেছেন বোর্ড পরিচালক নাঈমুর রহমান। তবে সিরিজের মাঝে খুব বেশি কিছু করতে চাই না।’
আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে কালকের বিসিবি সভায়—
পারফরম্যান্স মূল্যায়ন টেকনিক্যাল কমিটি: সাবেক জাতীয় ক্রিকেটার ও বোর্ড পরিচালকদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। প্রতিটি সিরিজ শেষে যে কমিটি কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলে পারফরম্যান্স মূল্যায়ন করবে।
স্থায়ী প্রধান নির্বাহী: ২০১২ সালের জানুয়ারিতে মনজুর আহমেদ মারা যাওয়ার পর থেকে বিসিবির প্রধান নির্বাহী কাজ চালিয়ে যাচ্ছিলেন নিজাম উদ্দিন চৌধুরী। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীকেই স্থায়ী প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এশিয়াডে অধিনায়ক মাশরাফি: বিয়ের কারণে যাচ্ছেন না অধিনায়ক মুশফিকুর রহিম, এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিপিএল: বিপিএলের তৃতীয় আসর ডিসেম্বরে আয়োজনের কথা শোনা গেলেও বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে চায় না বিসিবি। আগামী এপ্রিলে এটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গত বিপিএলের অনেক সমস্যারই অবশ্য সমাধান হয়নি এখনো। জানানো হয়েছে, বিসিবি সব ক্রিকেটারের পাওনা পরিশোধ করে দেবে। আর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে নিজেদের পাওনা আদায়ে দু-এক দিনের মধ্যেই আইনি ব্যবস্থা নেবে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনের কাছ থেকে পাওনা আদায়ে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
হাই পারফরম্যান্স সিনিয়র কোচ: বিসিবির হাই পারফরম্যান্স সিনিয়র কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় কোচ সরোয়ার ইমরান। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে আগামী মাসে দেশের মাটিতে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের কোচও তিনিই।
বোর্ড সহসভাপতি: শূন্য থাকা বিসিবির দুটি সহসভাপতি পদে নির্বাচন হবে আগামী ১৬ সেপ্টেম্বর।
টেস্ট-ওয়ানডেতে আলাদা অধিনায়ক: টেস্ট ও ওয়ানডেতে আলাদা অধিনায়ক করার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিসিবি।