পারফরম্যান্সের ছাপ র্যাঙ্কিংয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম-ইমরুলের রেকর্ড জুটি। তামিমের ডাবল সেঞ্চুরি। ইমরুলের ১৫০। ২৯৬ রানের ঘাটতি পুষিয়ে ম্যাচ ড্র। খুলনা টেস্টটা শুধু প্রাপ্তিরই গল্প বাংলাদেশের। ওই ম্যাচের পারফরম্যান্স দিয়েই কাল প্রকাশিত সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেলও অনেক। ব্যাটিংয়ে তামিম এগিয়েছেন আট ধাপ। ইমরুল, মুমিনুলরা উঠেছেন ক্যারিয়ারের সেরা অবস্থানে। দুই ইনিংসে ৫১ ও ১৫০ রান করে ইমরুল ২৪ ধাপ এগিয়ে উঠেছেন ব্যাটিংয়ের ৬৭ নম্বরে। দুই ধাপ এগিয়ে মুমিনুল উঠেছেন ২৩ নম্বরে। সুখবর আছে বোলিংয়েও—একমাত্র ইনিংসে ৬ উইকেট নিয়ে তাইজুল উঠেছেন ক্যারিয়ারসেরা ৩১তম স্থানে।
খুলনা টেস্টের পারফরম্যান্স দিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (৩৪) ও আসাদ শফিক (১৮)।
আগামীকাল থেকে শুরু দ্বিতীয় টেস্টের আগে সুখবর পেয়েছে পাকিস্তান। ব্রিজটাউন টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করে পাকিস্তানকে ওপরে তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি রেটিং পয়েন্ট খুইয়ে ইংল্যান্ড তিন থেকে নেমে গেছে চারে। তাই পাকিস্তান মিরপুর টেস্টটা শুরু করবে বিশ্বের তিন নম্বর টেস্ট দল হিসেবে। জায়গাটা ধরে রাখতে অবশ্য জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বাংলাদেশ জিতলে মিসবাহ্র দল নেমে যাবে পাঁচে, আর ড্র হলে নামবে চারে। এরপর র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে আরও ওলটপালট হতে পারে সব দলের অবস্থানেরই।