পারফরম্যান্সের ছাপ র্যাঙ্কিংয়েও

পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকা। পরপর তিন মাসে তিন সিরিজ জয়। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত। উত্তুঙ্গ ফর্মে থাকা বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়েও এগিয়ে যাচ্ছে তর তর করে। সিরিজ শুরুর আগে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে। দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েও মাশরাফির দল সাতেই আছে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে ৩। ব্যবধান বেড়েছে আট ও নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ (৮৮) ও পাকিস্তানের (৮৮) সঙ্গে। ব্যবধান কমেছে ছয়ের ইংল্যান্ডের (৯৮) সঙ্গে।
দারুণ বোলিং করে শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে অল্পতেই বেঁধে রাখা—এরপর সৌম্যর ব্যাটিং-ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সিরিজ জয়। সিরিজ-সেরা সৌম্যর সঙ্গে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের বোলাররাও।
সিরিজ শুরুর আগে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে সৌম্য ছিলেন ৫১ নম্বরে। তিন ম্যাচে ২৭, অপরাজিত ৮৮ ও ৯০ রান করে উঠে এসেছেন ১৫ নম্বরে। এক লাফে ৩৬ ধাপ এগোনো এই বাঁহাতি ওপেনারই এখন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান।
বোলিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন সিরিজে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ৬৯ নম্বরে। ১৫ ধাপ এগিয়েছেন রুবেল হোসেন (৪০তম)। ১৫ ও ১৮ ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ (৭৫তম) ও নাসির হোসেনও (৯২তম)। তবে শেষ ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব ও মাশরাফিই বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় সেরা বোলার।
সাকিব ধরে রেখেছেন ওয়ানডের অলরাউন্ডার তালিকার শীর্ষস্থানও। শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের (৪০১) সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছেন সাকিব (৪১৮)। ব্যাটিং ও বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ধরে রেখেছেন শীর্ষস্থান। তথ্যসূত্র: আইসিসি।