পারবে পাকিস্তান?

এ বছরেরই মার্চে অন্য লোকে পাড়ি দিয়েছেন মার্টিন ক্রো। নিশ্চিন্তে চোখ বুজেছেন এই দেখে, দুই দশক ধরে অক্ষত রয়েছে তাঁর রেকর্ড। রানের দিক দিয়ে স্টিভেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম কিংবা রস টেলরও পেরিয়ে গেলেও টেস্টে নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি সংখ্যায় তিনি এখনো ‘এডমুন্ড হিলারি’ হয়েই আছেন। তবে ক্রো জানতেন, এই এভারেস্ট চূড়ায় তাঁর কোনো স্বদেশি পা রাখলে সেটি টেলরই রাখবেন।
হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন টেলর, ক্রো আর মাত্র এক টেস্ট দূরত্বে আছেন। আর সেই ইনিংসটাও কী চোখ ধাঁধানো সব ক্ল্যাসিক শটে! অথচ এই টেস্টে তিনি নাও খেলতে পারেন বলে শোনা গিয়েছিল। চোখে দেখতে নাকি ভীষণ সমস্যা হচ্ছে।
১৩৪ বলে ১৬ চারে করা ১০২ রানের ইনিংসটায় তো তা একবারও মনে হলো না! টেলরের এই সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১৩ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ল্যাথামের ৮০ রানের ইনিংসটাও রেখেছে বড় ভূমিকা। কলিন ডি গ্র্যান্ডহোমের ২১ বলের ৩২ রানের ইনিংসটাই আভাস দিচ্ছিল ইনিংস ঘোষণা করতে চলেছে স্বাগতিকেরা। টেলর সেঞ্চুরি পূর্ণ করার দুই বলের মধ্যেই সেই ঘোষণা চলে আসে।
তাতে পাকিস্তানের সামনে চতুর্থ ইনিংসে ৩৬৯ রান তাড়া করে জেতার অসম্ভব এক লক্ষ্য ঠিক হয়। দিনের শেষ তিন ওভারে বিনা উইকেটে ১ রান তুলে পাকিস্তান নিরাপদে দিনটা পার করেছে বটে। কিন্তু পাকিস্তান কি পারবে?
এই পারাটা জয়ের সম্ভাব্য সমীকরণ মিলিয়ে দেওয়ার নয়। বরং শেষ দিনটা পার করে ম্যাচ ড্র করার। চতুর্থ ইনিংসে ৩৭৭ রান তাড়া করে জেতার রেকর্ড পাকিস্তানের আছে বটে, কিন্তু তাতে আশায় বুক বাঁধলে ভুলই করবে পাকিস্তানের সমর্থকেরা। চতুর্থ ইনিংসে ৩০০-র বেশি রান তাড়া করার মাত্র তিনটি কীর্তি আছে পাকিস্তানের। কোনোটাই এশিয়ার বাইরে নয়। অবশ্য পাকিস্তানের চতুর্থ ইনিংসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করার কীর্তিটা নিউজিল্যান্ডেই, ২০০৩ সালের ওয়েলিংটন টেস্টে ২৭৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে গিয়েছিল অনায়াসে।
কিন্তু পাকিস্তানকে জিততে হলে এই টেস্টে শেষ দিনে করতে হবে ৩৬৮। ওভারে চার করে রান টেস্টের পঞ্চম দিনে? প্রথম ইনিংসে পাকিস্তানকে ২১৬ রানে গুঁড়িয়ে দেওয়া টিম সাউদি আর নিল ওয়াগনার শুনলে হাসতে পারেন। দুজন মিলে ৩৫ ওভারে পাকিস্তানের ৯ উইকেট তুলে নিয়েছিলেন। পাকিস্তান পারবে ড্র করতে এই ম্যাচ?