পারবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে একে ভাঙল সব প্রতিরোধের দেয়াল। ছবি: এএফপি
একে একে ভাঙল সব প্রতিরোধের দেয়াল। ছবি: এএফপি

প্রশ্ন করতে পারেন, কী পারবে? প্রথম পারাটা তো অবশ্যই ম্যাচ বাঁচানোর। তবে ম্যাচের চিন্তা আপাতত বাদ দিয়ে বড় হয়ে উঠছে এই প্রশ্নটাই—পারবে তো বাংলাদেশ? পারবে ফলোঅন এড়াতে?

৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের আগুন গরমে ১৫২ ওভার ফিল্ডিং করার পর বাংলাদেশ দলকে যেন ঘোরে পেয়ে বসেছে। না হলে টসে জিতে ফিল্ডিং নেওয়ার ‘পাপ’ মোচনের দায়িত্ব নিয়ে মাঠে নেমে, আউট হয়েও রেফারেলের সৌভাগ্যে বেঁচে যাওয়া মুশফিকুর রহিম কেন ব্যাক ফুটে গিয়ে ওমন একটা শট খেলবেন! সেটিও দিনের শেষ বলে!
৫ উইকেটে ১০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন? মনে হচ্ছে মিরপুর টেস্টে এর মধ্যে কতগুলো দিনই না পেরিয়ে গেছে! ফলোঅন এড়াতেই এখনো ২৫১ রান প্রয়োজন। সামনে তি-নটা দিন। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা হেরে গেলেও মিথ্যা হয়ে যাবে না গত কিছু দিন ধরে বাংলাদেশের অর্জনগুলো। কিন্তু ক্রিকেটে ‘মোমেন্টাম’ খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা বাজেভাবে হারার প্রভাব পড়তে পারে ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে। এবং তার পর ডমিনো এফেক্ট!
এই ম্যাচে তাই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো ভীষণ ভীষণ জরুরি। সেই লড়াইয়ের অনুপ্রেরণা তো গত টেস্ট থেকেই তারা নিতে পারে। পারবে বাংলাদেশ?
পারবে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে সাকিব আল হাসানের ব্যাটের ওপর। এখন পর্যন্ত পাকিস্তানের এই সফরে তাঁর ওপরে সেভাবে আলোটা পড়েনি। সতীর্থরাই সেটা কেড়ে নিয়েছে। গত ম্যাচে সেঞ্চুরির সুযোগ পেয়েও ৭৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়ে বেরিয়ে আসা সাকিব পারবেন লড়াইয়ে নেতৃত্ব দিতে? ধরে খেলা তাঁর ধাতে নেই। এবং পরি​স্থিতিও এখন এমন একপর্যায়ে গিয়েছে, যেখানে পাল্টা আক্রমণই সম্ভবত শেষ ‘কোরামিন’।
৮ উইকেটে ৫৫৭ রান তুলে চা বিরতির সময় ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। একদম ঠিক সময়ে। বাংলাদেশ যখন ক্লান্ত-বিধ্বস্ত। শেষ সেশনের ৩০টি ওভার কোনোমতে পার করে দিতে পারলে কালকে নতুন করে শুরু করা যেত। অথচ ফিফটি দূরের কথা, ৪০-এর ঘরেরও জুটি হলো না একটিও। তামিম ইকবাল নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। কিন্তু বাকি চার ব্যাটসম্যানের প্রত্যেকে মানসিক ক্লান্তির শিকার।
সেই ক্লান্তির ধকল কাটিয়ে কাল একটা বড় জুটি না হলে সর্বনাশ। একটা বড় জুটি দলের সংগ্রহ কতটা সমৃদ্ধ করে পাকিস্তানের ইনিংসে আজহার আলী-ইউনিস খান কিংবা আজহার-আসাদ শফিক বুঝিয়েছেন। পাকিস্তান কেন, উদাহরণ তো বাংলাদেশের কাছেই আছে। খুলনা টেস্টে এক ওপেনিং জুটিই গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানের স্বপ্ন।
সেই জুটিটা আজ টিকল মাত্র ৪ রানের জন্য। তবে তামিম এলবিডব্লু হয়ে ফিরে গেলেও ইমরুল কায়েস এই বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন, ভয়ের কিছু নেই। জুনায়েদ খানকে এক ওভারে চারটি চার মেরে রানের খাতা খুলেছেন। কয়েকটা কাভার ড্রাইভ তো ছিল মুগ্ধতা ছড়ানো। মুমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটি বেশ আশাই জাগিয়েছিল। কিন্তু জুনায়েদের ভেতরে ঢোকা বল ওভাবে কেন চালাতে গেলেন মুমিনুল? ১৩ রান করা মুমিনুল ধরা পড়লেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসে। বেশিক্ষণ স্থায়ী হলো না ইমরুল-মাহমুদউল্লাহ জুটিটাও। ইয়াসির শাহর বলে পরিষ্কার বোল্ড হয়ে ৩২ রানে ফিরলেন দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া ইমরুল। মাহমুদউল্লাহর আউট তো আরও দৃষ্টিকটু। সব আত্মবিশ্বাস যেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে রেখে এসেছেন। ডাক করতে গিয়ে বিচ্ছিরিভাবে ক্যাচ তুলে দিলেন।
প্রথম বলেই কোনো রান না করেই জীবন পেয়েছেন সাকিব। স্লিপে সাকিবের সহজ ক্যাচ হাতছাড়া করেছেন ইউনিস খান। এ ভুল থেকে সাকিব শিক্ষা নিলেই হয়। মুশফিক অবশ্য জীবন ফিরে পাওয়া থেকে কিছু শেখার দিকে গেলেন না। ইয়াসিরের বলে এলবিডব্লুর সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ বাঁচিয়ে দিয়েছে তাঁকে। সেই ইয়াসিরের বলেই কাট করতে গিয়ে ১২ রানে বোল্ড হয়ে দলকে বিরাট বিপদে ফেলে বিদায় নিলেন বাংলাদেশ অধিনায়ক।
এখনো ৪৫০ রানে এগিয়ে পাকিস্তান। রানের চাপ মাথার ওপর। এমন চাপ খুলনাতেও ছিল। কিন্তু ব্যাটসম্যানরা সব চাপ-টাপ উড়িয়ে দিয়েছিলেন। তবে আজ শেষ সেশনে দ্রুত মূল্যবান উইকেটগুলো হারানোর পর লড়াইয়ে বাংলাদেশ ফিরতে পারবে কি না, তা নিয়ে ঘোর সংশয় থেকেই যাচ্ছে।