পারবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করতেই পারছিলেন না বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত নিজেই আউট হয়ে ঝামেলা মেটালেন মাসাকাদজা। নুরুল হাসানের থ্রোয়ে রান আউট হয়ে গেলেন ১৮তম ওভারে। ওই আউটেই ম্যাচে ফিরে এল বাংলাদেশ। ২০ ওভার শেষে ১৬৩ রান করেছে জিম্বাবুয়ের ইনিংস।
বাংলাদেশ যে ছন্দে আছে তাতে ১৬৪ রানের লক্ষ্যটা পেরিয়ে যাওয়াই উচিত। তবে টি-টোয়েন্টির ইতিহাস বাংলাদেশের বড় নড়বড়ে বলেই শঙ্কা থেকে যাচ্ছে। একবারই বাংলাদেশ ১৬০-এর বেশি তাড়া করে জিতেছে। সেটিও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা সেই আলোচিত ম্যাচে। এর আগে-পরে কখনোই পারেনি। পারবে এবার? বিনা উইকেটে ৩১ তুলে তুলে তামিম-সৌম্য অবশ্য ভালো শুরুই এনে দিয়েছিলেন। ১০ ওভারের মাঝে ৩ উইকেট হারালেও দলের হাল ধরেন সাব্বির রহমান ও মুশফিকুর রহিম। এই দুজনের ৩১ বলে ৪৪ রানের জুটিটা ভাঙতেই আবার ছন্দপতন বাংলাদেশের। ৪৬ রান করে সাব্বির ফেরার পর ২৬ করে ফিরেছেন মুশফিকও। ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ১২৫। উইকেটে আছেন সাকিব ও মাহমুদউল্লাহ। ২৬ বলে জয়ের জন্য দরকার ৩৮।
মাশরাফি মুর্তজার প্রথম ওভারে মাত্র দুই রান করেছিলেন ভুসি সিবান্দা। পরের ওভারে আল আমিন হোসেন দিলেন মাত্র ৫ রান। এর পরই শুরু হলো মাসাকাদজার ঝড়। মাশরাফি ও সাকিব আল হাসানের ওপর দিয়েই ঝড়টি বেশি চালিয়েছেন মাসাকাদজা। ফলে মাত্র ৬.৩ ওভারেই পঞ্চাশ করে ফেলল অতিথি দল। ১২তম ওভারেই ১০০।
জিম্বাবুয়ের দলগত সেঞ্চুরিটা অবশ্য বেশ নাটকের মধ্য দিয়ে এসেছে। সাকিবের বল সিবান্দার শটটি সৌম্যের হাতে গিয়েছিল কিন্তু বলটি ঠিকভাবে তালুবদ্ধ না করতে পেরে বিভিন্ন ভঙ্গিমায় বলটাকে সীমানায় রাখার চেষ্টা করলেন সৌম্য। খানিকের জন্য মনে হলো, শেষ পর্যন্ত ক্যাচটি ধরেছেন। কিন্তু পড়ে সেটি ছক্কা বলেই মেনে নেওয়া হলো। বেঁচে গেলেন সিবান্দা। সিবান্দার আয়ু তাতে বেড়েছে কেবল এক বল। পরের বলেই তামিমের হাতে ক্যাচ দিয়েছেন।
অন্যপ্রান্তে ঠিকই নিজের কাজ করেছেন মাসাকাদজা। মাত্র ৩৪ বলে ফিফটি করে দলকে দেড় শ এনে দেন ১৭.৩ ওভারেই। ৯টি চার ও দুটি ছক্কায় মাত্র ৫৩ বলেই করেছেন ৭৯ রান। এর মাঝে ৭৩ রানে একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু মুস্তাফিজের বলে সাকিব তাঁর ক্যাচ ফেলে দেন। বাংলাদেশের ভাগ্য ভালো, মাশুল দিতে হয়নি। মাসাকাদজাকে একটু পরেই রান আউট করে দিয়েছেন অভিষিক্ত নুরুল। ফলে শেষের ঝড় আর পোহাতে হয়নি বাংলাদেশকে। শেষ ১৫ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান করতে পেরেছে জিম্বাবুয়ে। মুস্তাফিজুর ও আল আমিন পেয়েছেন দুটি করে উইকেট।
শেষের দিকে বোলারদের দুর্দান্ত লড়াই ম্যাচে দারুণভাবে ফিরিয়ে এনেছে। এখন ব্যাটসম্যানদের বাকি কাজ করার পালা।


ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে মোবাইল থেকে C লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে