পারবে বাংলাদেশ?

টসে আবারও ভাগ্য-বিড়ম্বিত মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে ভাগ্যও যেন মুখ ফিরিয়ে নিল বাংলাদেশের বোলারদের দিক থেকে। ইডেনের উইকেটের সবুজ-ঘাস যদি মাশরাফিকে কিছুটা আশান্বিত করে থাকে, সেখানেও প্রতারণা। উইকেট থেকে সবুজের আভা উঁকি দিলেও সেটা যে পুরোপুরিই কথা বলল পাকিস্তানি ব্যাটসম্যানদের পক্ষেই। দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশের ইডেনে ফেরার প্রথম লগ্নটা শুভ হয়নি।
নাটকীয়ভাবে শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে ঢোকা আহমেদ শেহজাদের ফিরেই ৫২, মোহাম্মদ হাফিজের ৬৪ আর শহীদ আফ্রিদির ঝোড়ো ৪৯ রানে ৫ উইকেটে ২০১ রানের পাহাড় গড়েছে পাকিস্তান। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দুই শর স্কোর। এর আগে পাকিস্তান ও নিউজিল্যান্ড একবার করে বাংলাদেশের বিপক্ষে দুই শ রানের চূড়ায় পৌঁছেছিল। জিততে হলে নিজেদের রান তাড়া করার নতুন রেকর্ড করতে হবে বাংলাদেশকে।
ব্যাটিং-উপযোগী পরিবেশে পাকিস্তানি ব্যাটসম্যানরা রীতিমতো উপভোগই করেছেন নিজেদের খেলাটা। শেহজাদ প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশকে পেয়ে যেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেরই পুনরাবৃত্তি ঘটাতে চাইছিলেন। অবশ্য তাঁর আজকের ইনিংসটি অবশ্য শেষ হয়েছে ৩৯ বলে ৫২ রান করে। মোহাম্মদ হাফিজ ৪২ বলে করেছেন ৬৪।
বাংলাদেশের বোলিং আজ ফর্মে ফিরিয়েছে শহীদ আফ্রিদিকে। মাত্র ১৯ বলে ৪টি চার ও চারটি ছক্কায় ৪৯ রানের একটা ইনিংস খেলে শেহজাদ-হাফিজের আক্রমণকে পূর্ণতা দিয়েছেন।
অন্যদের বাজে বোলিংয়ের মধ্যেও ভালো বল করেছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। দুজনেই নিয়েছেন ২টি করে উইকেট। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে এসে এই দুই বোলারের বোলিং কিন্তু প্রশংসা পেতেই পারে।
সাব্বির রহমান ২ ওভার বল করে ১১ রানে নিয়েছেন ১ উইকেট। এই তিনজন বাদে বাকি সবাই ছিলেন খরুচে। আল আমিন হোসেন ৩ ওভারে দিয়েছেন ৪৩ রান। সাকিব আল হাসান ৪ ওভারে ৩৯। অধিনায়ক মাশরাফিও কাটিয়েছেন বাজে দিন। তাঁর ৩ ওভার থেকে আসে ৪১ রান।
অবশ্য ইডেনের উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু একটা নেই। তবে ২০০ রানের মানসিক চাপ না পেয়ে বসে বাংলাদেশকে!