পারবে বাংলাদেশ? রেকর্ড কী বলছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের ইনিংসটা বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে রাখল ভূমিকা। ছবি: এএফপি
সাকিবের ইনিংসটা বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে রাখল ভূমিকা। ছবি: এএফপি

ডাম্বুলায়  সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কাকে ৩২৫ রানে লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মাশরাফিরা পারবেন লক্ষ্যে পৌঁছার আগেই শ্রীলঙ্কাকে বেঁধে ফেলতে? পরিসংখ্যান বাংলাদেশকে আশাই জোগাচ্ছে—

* শ্রীলঙ্কার কোনো ভেন্যুতে আজ পর্যন্ত প্রথমে ব্যাট করে ৩০০ তুলে কেউ হারেনি।
* বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২৬১ রান তাড়া করে জেতার রেকর্ড আছে শ্রীলঙ্কার। ২০১০ সালের জানুয়ারিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৬০ রান করে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
* ডাম্বুলার এই রণগিরি স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ২৮৯। ২০০৯ সালের আগস্টে ৬ উইকেট হাতে রেখে পাকিস্তানের দেওয়া লক্ষ্যটা পেরিয়ে যায় শ্রীলঙ্কানরা। নিজেদের মাটিতে এটাই এখন পর্যন্ত শ্রীলঙ্কার সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তি। পাকিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতেও ২৮৮ তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা।
* ডাম্বুলার এ মাঠে কেউ ৩০০ করে হারেনি। এ নিয়ে তৃতীয়বার এ মাঠে ৩০০-র স্কোর হলো। তিনবারই জড়িয়ে থাকল বাংলাদেশের নাম। আগের দুবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান করেছিল ৩৮৬, আর শ্রীলঙ্কা করেছিল ৩১২। ওই দুবারই হেরেছিল বাংলাদেশ।
* ওয়ানডেতে ৩০০-এর বেশি রান তাড়া করে শ্রীলঙ্কা জিতেছে আটবার। সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জেতার রেকর্ড আছে তাদের। ২০০৬ সালের জুলাইয়ে ইংল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য ৮ উইকেট ও ৭৫ বল বাকি থাকতেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা।
* ৩০০-এর বেশি করেও বাংলাদেশ হেরেছে মাত্র একবার। ২০১৪ এশিয়া কাপে বাংলাদেশের দেওয়া ৩২৭ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়েছিল ৩ উইকেট হাতে রেখে। আজ নিশ্চয়ই সেটির পুনরাবৃত্তি হতে দিতে চাইবেন না মাশরাফিরা।
* বাংলাদেশের বিপক্ষে আটবার ৩০০-র স্কোর গড়েছে শ্রীলঙ্কা। অবশ্য কোনোবারই দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নয়।