সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ ছিল ২৮২, বিশ্বকাপে ২২০। দুটোই ছাপিয়ে গেল কালকের ৭ উইকেটে করা ২৮৫ রান। তবে নেলসনে জিম্বাবুয়ের সঙ্গে দলীয় সংগ্রহের ‘নতুন ইতিহাস’ করেও নতুন কোনো গল্প লেখা হয়নি আমিরাতের। ১৯ বছর পর বিশ্বকাপ খেলতে নেমে হেরেছে ৪ উইকেটে।
প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে দুই ওপেনারকে হারানো আমিরাত ইনিংসের গল্প মূলত তিনটি জুটির। প্রথমটি ৮২ রানের, বিশ্বকাপের সবচেয়ে বয়সী খেলোয়াড় খুররম খানের সঙ্গে ছিলেন কৃষ্ণা চন্দ্রন। প্রথমে কৃষ্ণা (৩৪), পরে খুররম (৪৫), দুই ওভারের ব্যবধানে ফেরত যান দুজনই। পরের জুটিটিও ৮২ রানের, এবার ‘শাইমান-ঝড়’-এর সঙ্গে ছিলেন স্বপ্নিল পাতিল। ৬৯ বলে ৮২ রানের জুটিতে শাইমান আনোয়ারের একারই ৫৭। আউট হওয়ার আগে ৯ চার ও এক ছয়ে করেছেন ৫০ বলে ৬৭ রান। তবে আসল ঝড়টা ছিল অষ্টম উইকেট জুটিতে। আমজাদ জাভেদ ও মোহাম্মদ নাভিদের জুটি ৩৫ বলে তোলে ৫৩ রান।
দুই জিম্বাবুইয়ান ওপেনারের শুরুটা হয়েছিল ভালোই। কিন্তু ৬৪ রানে প্রথম উইকেট হারানোর পর হ্যামিল্টন মাসাকাদজাও ফেরত যান ১ রান করেই। রেজিস চাকাভা ছিলেন, ব্রেন্ডন টেলরের সঙ্গে তাঁর ৪০ রানের জুটিটা ভাঙে একটু দুর্ভাগ্যজনকভাবেই। আমিরাত অধিনায়ক মোহাম্মদ তৌকিরের অফ স্পিনে ব্যাকফুটে গিয়ে পা ফসকান চাকাভা, স্টাম্পে পা লেগে হিট উইকেট! এরপর টেইলর ও মিরে ফিরে গেলেও উইলিয়ামস ছিলেন ভালোভাবেই। জিম্বাবুয়ের লাগত ওভারপ্রতি ৭ রানেরও বেশি। ক্রেইগ অরভিনকে নিয়ে উইলিয়ামসের ৬২ বলে ৮২ রানের জুটিতে কাজটা সহজ হয়ে যায়। অরভিন (৩২ বলে ৪২) ফিরে গেলেও অধিনায়ক চিগুম্বুরাকে নিয়ে ১২ বল বাকি থাকতেই জিম্বাবুয়েকে জিতিয়ে আসেন ৬৫ বলে ৭৬ রানে অপরাজিত থাকা উইলিয়ামস। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখল এ ম্যাচ। আমিরাতের ক্যাচ মিস, বাজে ফিল্ডিং না হলে অবশ্য লড়াইয়ের গল্পটা ভিন্নও হতে পারত। তথ্যসূত্র: ক্রিকইনফো, স্টার স্পোর্টস।