পারলেন না ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লড়াই চালিয়েও পারলেন ডি ভিলিয়ার্স। ছবি: এএফপি
লড়াই চালিয়েও পারলেন ডি ভিলিয়ার্স। ছবি: এএফপি

বৃষ্টি! সেই একই বৃষ্টি! ’৯২ বিশ্বকাপে এই বৃষ্টি কপাল পুড়িয়েছিল প্রোটিয়াদের। আজও প্রকৃতির বাগড়া। যদিও সেই ম্যাচের সঙ্গে আজকের ম্যাচের অনেক পার্থক্য। তবুও শেষ আটে যাওয়ার সমীকরণে দুই দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এ ম্যাচ। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৭ ওভারে ২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে সতীর্থদের ফিরে যাওয়ার মিছিলে একাই লড়াই চালিয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত পারলেন না। অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকা হারল ২৯ রানে। আর এ জয়ে শেষ আটে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল হলো পাকিস্তানের।

উইকেট পতন শুরু ইনিংসের দুই বলের মাথায়। মোহাম্মদ ইরফানের বলে কোনো রান না করেই ফিরলেন কুইন্টন ডি কক। দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা ফাফ ডু প্লেসি-হাশিম আমলার জুটির। দ্বিতীয় উইকেট জুটিতে এল ৬৭ রান। জুটি ভাঙলেন রাহাত আলী। রাহাতের বলে ফেরার আগে ডু প্লেসির সংগ্রহ ২৭ রান। এরপর হঠাৎ খেই হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা! ১০ রানের ব্যবধানে নেই ৪ উইকেট।
দলের এমন বিপর্যয়ে হাল ধরলেন ডি ভিলিয়ার্স। নিঃসঙ্গ শেরপার মতো লড়াই চালিয়ে গেলেন একাই। প্রচণ্ড চাপের মধ্যে রানের চাকা সচল রাখলেন দারুণভাবে। জেপি ডুমিনির সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৫, ডেল স্টেইনের সঙ্গে সপ্তম উইকেটে ৩৬, কাইল অ্যাবটের সঙ্গে ৮ম উইকেটে ৩৪ আর মরনে মরকেলের সঙ্গে ৯ম উইকেটে ২৯—এমন ছোট ছোট চারটা জুটি গড়ে আশার সলতে জ্বালিয়ে রাখলেন ডি ভিলিয়ার্স। সোহেল খানের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দেওয়ার সঙ্গেই ধূসর হয়ে গেল প্রোটিয়াদের আশা। ফেরার আগে প্রোটিয়া অধিনায়কের সংগ্রহ ৫৮ বলের ৭৭ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংস থামল ৩৩.৩ ওভারে ২০২ রান তুলে। সমীকরণটা একপর্যায়ে প্রোটিয়াদের পক্ষেই ছিল। কিন্তু নিজেদের ‘চোকার’ তকমার তাৎপর্য বোঝাতেই কিনা হঠাৎ গোত্তা খেয়ে পড়ল ইনিংসটা।
এর আগে বৃষ্টি-বিঘ্নিত ইনিংসে টসে হেরে ব্যাট করে ৪৬.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২২ রান তোলে পাকিস্তান। আরও একটি দুর্দান্ত ফিফটি এসেছে মিসবাহ-উল হকের ব্যাট থেকে। এ ছাড়া সরফরাজ করেছেন ৪৯ রান।
লড়াইটা হলো আসলে দুই অধিনায়কের মধ্যেই। একদিকে পাকিস্তান অধিনায়ক মিসবাহ, অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। দুজনই সামনে থেকে বুক চিতিয়ে লড়াই চালিয়েছেন দলকে জেতাতে। তবে শেষমেশ বিজয়ীর নাম মিসবাহ। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবেও এল পরিবর্তন-পাকিস্তান: ১, দক্ষিণ আফ্রিকা ৩।
এ জয়ে পাকিস্তানের জন্য এল আরও এক স্বস্তিদায়ক খবর, কোয়ার্টার ফাইনালের পথে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে মিসবাহর দলের। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারার পর নিজেদের সর্বশেষ তিন ম্যাচে দারুণ জয়ে পাকিস্তান কি তবে ৯২-এর বিশ্বকাপের কথাই মনে করিয়ে দিচ্ছে?