
পা যেন চলছিল না ড্যারেন ব্রাভোর। সর্বস্ব হারানো মানুষের মতো ড্রেসিংরুমে ফিরছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। তাঁকে দেখে কে বলবে মাত্রই কী অসাধারণ এক সেঞ্চুরি করে ফিরছেন। কে বলবে চোখজুড়ানো সব শটের পসরা সাজিয়ে পুরো ক্রিকেটবিশ্বের মনোযোগ টেনে এনেছিলেন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
ব্রাভো মাথা নুইয়ে ফিরেছেন দলকে অসম্ভবের স্বপ্ন দেখিয়েও স্বপ্নভঙ্গের দায় কাঁধে নিয়ে। কিন্তু অন্যদের সেই দায় ছিল না। তাই তাঁরা উদ্যাপনই করলেন ব্রাভোর ইনিংসের। সতীর্থরা তো বটেই, প্রতিপক্ষ খেলোয়াড়েরাও হাততালি দিয়ে বিদায় দিলেন। উদ্যাপন বাদ দিয়ে হাততালি দিলেন দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে ব্রাভোকে আউট করে পথের কাঁটা বিদায় করা ইয়াসির শাহও।
ব্রাভো উইকেটে এসেছিলেন পরশু ২৭ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতনের পর। সেদিনই আরেকটি উইকেট হারালেও ৩৪৬ রানের লক্ষ্যটাকে ২৫১ রানে নামিয়ে এনেছিলেন। কাল দিনের শুরুতেই বিদায় মারলন স্যামুয়েলসের। খানিক পরই ড্রেসিংরুমের পথ ধরলেন জার্মেইন ব্ল্যাকউড। কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই ব্রাভোর। এক প্রান্তে দাঁড়িয়ে নিজের মতো ইনিংস গড়তে লাগলেন, অন্য প্রান্তে সঙ্গী রোস্টন চেজ। দুজন মিলে ২৮.২ ওভারে যোগ করলেন ৭৭ রান।
এরপর ৩ বলের মধ্যে সফরকারীরা হারিয়ে ফেলল ২ উইকেট। জয় তখনো ১৫২ রান দূরে। কিন্তু ব্রাভো হাল ছাড়েননি, অধিনায়ক হোল্ডারকে নিয়ে লড়েছেন। ৬৯ রানের জুটি গড়ে স্বপ্ন দেখাচ্ছিলেন অবিশ্বাস্য এক জয়ের। কিন্তু পারলেন না। ১১৬ রানের ইনিংস খেলে দলকে ২৬৩ রানে রেখে ফিরে গেলেন।
অধিনায়ক হোল্ডার চেষ্টা করেছিলেন প্রতিরোধের। কিন্তু হলো না। তাঁকে অপরাজিত রেখেই আউট শেষ তিন ব্যাটসম্যান। শ্যানন গ্যাব্রিয়েলের রানআউটে যখন মুড়াল ক্যারিবীয় ইনিংস, হোল্ডার অপরাজিত ৪০ রানে। ওয়েস্ট ইন্ডিজকে ২৮৯ রানে অলআউট করে ইতিহাসের দ্বিতীয় দিবারাত্রির টেস্টটা পাকিস্তান জিতে নিল ৫৬ রানে।
আজহার আলীর ট্রিপল সেঞ্চুরি। ১৭ টেস্টেই ইয়াসির আলীর উইকেটের সেঞ্চুরি। দেবেন্দ্র বিশুর ৮ উইকেট। ড্যারেন ব্রাভোর মহাকাব্যিক ইনিংস। পাকিস্তানের ৪০০তম টেস্টটা স্মৃতির মুকুরে গেঁথে থাকবেই। তথ্যসূত্র: টেন থ্রি।