পারলেন না মুশফিক-শাহরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ বলে দরকার ২০ রান। টান টান উত্তেজনায় জল ঢেলে প্রথম বলেই রানআউট কামরুল ইসলাম। এর চেয়েও গুরুত্বপূর্ণ, নন-স্ট্রাইকে চলে গেলেন থিসারা পেরেরা। দ্বিতীয় বলে তাইজুল ইসলামের ছক্কা উত্তেজনা ফিরিয়ে আনলেও পরের দুই বলেই সব শেষ। রংপুর রাইডার্সের কাছে হেরে গেল বরিশাল বুলস।
ইনিংস-বিরতিতে হঠাৎ কেঁপে উঠল স্টেডিয়াম। আতশবাজির ঝলকানিতে যেন অসংখ্য তারা দেখা দিল আকাশে। স্টেডিয়াম-ভর্তি দর্শকের মোবাইল হয়ে গ্যালারিতেও দেখা দিল হাজারো তারা। দর্শকদের এভাবে চাঙা করার চেষ্টাটা না করলেও চলত। এর আগে-পরে চার-ছক্কার উৎসবে মেতে সে দায়িত্ব তো নিজেদের কাঁধেই নিয়েছে দুই দল। চার-ছক্কার সে লড়াইয়ে এগিয়ে থাকায় জিতেছে বরিশাল।
বিকেলে স্টেডিয়াম-সংলগ্ন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুশীলনে ছক্কার পর ছক্কা হাঁকালেন মুশফিকুর রহিম। কিন্তু ম্যাচে লিয়াম ডসনকে স্লগ করতে গিয়ে উল্টো স্টাম্পিংয়ের শিকার। মুশফিক আউট হতেই এতক্ষণ গলা ফাটিয়ে সমর্থন জানিয়ে যাওয়া দর্শকের দল আস্তে আস্তে স্টেডিয়াম ছাড়তে লাগলেন। মুশফিকের আগেই যে ফর্মে থাকা শাহরিয়ার নাফীসও আউট হয়ে গেছেন। আর ওপেনার দিলশান মুনাবীরা তো আউট প্রথম বলেই। এই দুজনই শিকার সোহাগ গাজীর অফ স্পিনের।
এরপর জীবন মেন্ডিস ও নাদিফ চৌধুরী অনেকক্ষণ আশা দেখালেও দুজনই ফিরেছেন আফ্রিদির বলে। গাজী, আফ্রিদি ও ডসনের স্পিনেই শেষ পর্যন্ত নাকাল বরিশাল।
অথচ কুয়াশায় স্পিন কাজ করবে না ভেবে দলে পাঁচ পেসার নিয়েছে বরিশাল। ওই তত্ত্বেই টসে জিতে ফিল্ডিং নেওয়া। আল আমিন হোসেনকে টানা তিন বলে চার মেরে সৌম্য সরকার ইঙ্গিত দিয়েছিলেন সিদ্ধান্তটা হয়তো সঠিক ছিল না। সৌম্য আউট হয়ে গেলেও বাকি কাজটা সেরেছেন মোহাম্মদ মিঠুন ও ডসন। ৪৪ বলে ৬২ রান করে ম্যাচসেরা মিঠুন ফিরলে রান-উৎসবে যোগ দেন শহীদ আফ্রিদি। ১৭ ওভারেই ১৫৯ রান করে ফেলে রংপুর। শেষ ৩ ওভারে রায়াদ এমরিত ও পেরেরা রাশ টেনে ধরাতেই ১৭৫ রানে থামে রংপুর। কিন্তু বাংলাদেশি তিন পেসারের ৭ ওভারে ৮০ রান দল নির্বাচনকে করেছে প্রশ্নবিদ্ধ।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৫/৬ (শেহজাদ ১৪, সৌম্য ১৪, মিঠুন ৬২, ডসন ৪৬, আফ্রিদি ২২, জিয়া ২*, সেনানায়েকে ৭, সোহাগ ২*; তাইজুল ২/২৭, আল আমিন ০/৩৮, হায়দার ০/৩০, কামরুল ০/১২, এমরিট ১/২৫, মেন্ডিস ০/১১, পেরেরা ২/৩১)।
বরিশাল বুলস: ১৯.৪ ওভারে ১৬৩ (মুনাবীরা ০, মেন্ডিস ৫৭, শাহরিয়ার ১২, মুশফিক ৮, নাদিফ ৪১, থিসারা ১৭*, এমরিট ৯, হায়দার ০, কামরুল ০, তাইজুল ৬, আল আমিন ০; সোহাগ ৩/১৯, সেনানায়েকে ০/৪৯, রুবেল ২/৩৬, ডসন ১/১৬, আফ্রিদি ২/৩১, সানি ০/৫)।
ফল: রংপুর ১২ রানে জয়ী।
ম্যাচ অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন।