পারলেন না লিটন...

কী অসাধারণ ব্যাটিংটাই না করছিলেন লিটন দাস! মুমিনুল হকের সঙ্গে টেস্টে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড গড়লেন, ১৮২ বলে নিজের অসাধারণ একটি ইনিংসও সাজালেন। কিন্তু সেই ইনিংসটি যে ৯৪ রানেই থেমে যাবে, সেটা কি তিনি ভেবেছিলেন!
তৃতীয় বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি করার কীর্তিটা হাতছানি দিয়ে ডাকছিল লিটনকে। কিন্তু ক্ষণিকের পাগলামিতে সেটি দূরেই রইল। ৯৪ রানে দাঁড়িয়ে লিটনকে কে বলেছিল রঙ্গনা হেরাথকে এভাবে বেরিয়ে এসে তুলে মারতে! ওই একটি শটেই তো প্রাপ্যটা পেলেন না লিটন। দিলরুয়ান পেরেরার এক দুর্দান্ত ক্যাচে ভঙ্গ হলো প্রথম টেস্ট সেঞ্চুরির স্বপ্ন।
২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্ট দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন লিটন। প্রথম ইনিংসেই ৪৪ রান করে নিজের জাত চিনিয়েছিলেন। পরের টেস্টে (যেটি ছিল তাঁর দ্বিতীয় ইনিংস) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিফটি পেয়ে গেলেন। প্রতিশ্রুতিটা ভালোভাবেই ছিল। তবে মাঝের সময়টা দলের ভেতর-বাইরে আসা–যাওয়া করেছেন। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে দলে ফিরেও চোটের কারণে থিতু হতে পারেননি। তবে টেস্টটা যে তিনি ভালো খেলেন, সেটি নতুন করেই জানান দিয়েছিলেন গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে। ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের বিপক্ষে ৭০ রানের একটি ইনিংস খেলেছিলেন।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে একটি বল খেলতে পেরেছিলেন লিটন। সুরঙ্গা লাকমলের বলে সেটি ঠাহর করতে না পেরে বোল্ড হয়ে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে নিজেকে প্রমাণের দায়িত্বটা তাঁকে পালন করতে হয়েছে আরও বড় দায়িত্ব কাঁধে নিয়েই। সকাল থেকে মুমিনুলের সঙ্গে দাঁড়িয়ে দলকে বাঁচানোর দায়িত্বটা অবশ্য ভালোভাবেই পালন করেছেন লিটন।
আক্ষেপটা তবু রইল! কেন যে ওই শটটা খেলতে গেলেন লিটন!