পারলেন না শাহরিয়ার-তুষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় সেঞ্চুরিটি কি পাবেন শাহরিয়ার নাফীস? এ নিয়ে যতটুকু কৌতূহল ছিল, দিনের প্রথম বলেই সেটা মিটিয়ে দিলেন বরিশাল বিভাগের ওপেনার। জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান ফিরলেন আগের দিনের ৭৬ রানের সঙ্গে আর কিছু যোগ না করেই। ৩ উইকেটে ১৬৫ রান নিয়ে আগের দিন শুরু করা বরিশালও বেশি দূর এগোতে পারেনি। অলআউট ২৬১ রানে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম কাল বিমুখ করেছে তুষার ইমরানকেও। খুলনার ব্যাটসম্যান মাত্র ৯ রানের জন্যই রেকর্ড বইটা নতুন করে লিখতে পারলেন না। তুষার ফিরেছেন ৯১ রানে। আর ৯টি রান করলে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হতেন তুষার। ১৮ সেঞ্চুরি নিয়ে তুষার এখন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন।
তুষারের দল খুলনা দ্বিতীয় দিনটা শেষ করেছে ৪ উইকেটে ২২১ রান তুলে। বরিশালের চেয়ে ৪০ রানে পিছিয়ে। হাতে ৬ উইকেট। বড় লিড নেওয়ার কথা ভাবতেই পারে খুলনা। তুষারের সঙ্গে তৃতীয় উইকেটে ১২৪ রান যোগ করা ওপেনার মেহেদী হাসান করেছেন ৮৫।
বগুড়ায় প্রথম স্তরের দুই ঢাকার ম্যাচে কাল একটি বলও হতে পারেনি। রাজশাহীতে রাজশাহী-সিলেটের দ্বিতীয় স্তরের ম্যাচও কাল মাঠে গড়ায়নি। মোহাম্মদ আশরাফুলের ব্যাট হাতে ফেরা তাই গতকালও হলো না। তবে সিলেটে সারা দিনে ৭৮ ওভার খেলা হয়েছে। চট্টগ্রামকে প্রথম ইনিংসে ৩৬৮ রানে অলআউট করার পর ৫ উইকেটে ১৮৩ রান তুলেছে রংপুর।
স ং ক্ষি প্ত স্কো র
বরিশাল ১ম ইনিংস: ৮০ ওভারে ২৬১ (ফজলে ৮২, শাহরিয়ার ৭৬, মনির ৫৭; আল আমিন ৩/৩৮, রাজ্জাক ৩/৮৪, মিরাজ ২/৭৪)। খুলনা ১ম ইনিংস: ৫৬ ওভারে ২২১/৪ (তুষার ৯১, মেহেদী ৮৫, মিঠুন ২৮*; কবির ৩/২১)।
চট্টগ্রাম ১ম ইনিংস: ১০৬.২ ওভারে ৩৬৮ (ইয়াসির আলী ৯০, তাসামুল ৫২, মুমিনুল ৪৬, নাজিমউদ্দিন ৪৩, নূর ৪০*, ইরফান ৩৩; আলাউদ্দিন ৩/৭৩, সাজেদুল ২/৬৫)। রংপুর ১ম ইনিংস: ৫৯ ওভারে ১৮৩/৫ (সায়মন ৫৩, মাহমুদুল ৩৯, ধীমান ৩৬*; ইয়াসির মিশু ৩/৩৬, তাসামুল ২/৫৫)।