পারলেন না সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ইনিংস খেলে বেরিয়ে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। রেখে যাচ্ছেন ক্রিকেটে তাঁর দীর্ঘ ছায়া l এএফপি
শেষ ইনিংস খেলে বেরিয়ে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। রেখে যাচ্ছেন ক্রিকেটে তাঁর দীর্ঘ ছায়া l এএফপি

শেষবারের মতো যখন ব্যাট হাতে নামছেন, দল ভালোই চাপে। চতুর্থ ইনিংসে ৪১৩ রানের লক্ষ্য, সেটা তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১ উইকেটে ৮! ড্রেসিংরুম থেকে নেমে এলেন কুমার সাঙ্গাকারা। গত কয়েক দিন বেশ কয়েকবার গার্ড অব অনার পেয়েছেন। পেলেন গতকালও। শুরুতে স্থানীয় কিশোর ক্রিকেটারদের কাছ থেকে, পরে ভারতীয় খেলোয়াড় আর আম্পায়াররাও সারি বেঁধে দাঁড়ালেন তাঁর সম্মানে।
রবিচন্দ্রন অশ্বিনের বলে ২ রান নিয়ে শুরু, পরের ওভারের প্রথম বলেই ইশান্ত শর্মাকে বাউন্ডারি। সাঙ্গাকারার প্রতিটি রানের সঙ্গে সঙ্গে গর্জে উঠছে পি সারা ওভালের গ্যালারি, আরও বেশি করে নেচে উঠছে বিখ্যাত শ্রীলঙ্কান সমর্থক পার্সির হাতে জাতীয় পতাকা। এমন স্বচ্ছন্দ শুরু যে, মনে হচ্ছিল বিদায়ী ইনিংসটা মনে রাখার মতোই হবে। ১৭ বলে ১৮, তাতে ৩টি চার। তারপরই হঠাৎ শেষ সাঙ্গাকারার!
অশ্বিনের বলটা তাঁর ব্যাট ছুঁয়ে স্লিপে মুরালি বিজয়ের হাতে গেল, সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে শেষ লেখা হয়ে গেল সাঙ্গাকারার। বিদায়ী সিরিজে চার ইনিংস ব্যাট করেছেন, চারবারই অশ্বিনের শিকার! সহজাত প্রতিক্রিয়ায় খুশিতে লাফিয়ে উঠেছিলেন অশ্বিন, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। কিংবদন্তিকে বিদায়ী অভিবাদন জানাতে ছুটে এলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিসহ বাকি সব খেলোয়াড়। উষ্ণ করমর্দনের পর শেষবারের মতো ড্রেসিংরুমের দিকে হাঁটা। পা দুটোকে কি তখন খুব ভারী মনে হচ্ছিল সাঙ্গাকারার?
শেষবারের মতো যখন মাঠে নামছেন, দল তাকিয়ে ছিল তাঁর দিকে। বর্ণাঢ্য ক্যারিয়ার যাতে পরাজয়ে শেষ না হয়, সে জন্য এখন সাঙ্গাকারাকে তাকিয়ে থাকতে হচ্ছে সতীর্থদের দিকে। কিংবদন্তিকে জয় উপহার দিতে চাইলে শেষ দিনে শ্রীলঙ্কাকে করতে হবে ৩৪১ রান, হাতে ৮ উইকেট। কাজটাকে শুধু কঠিন বললে একটু কমই বলা হয়।
শ্রীলঙ্কাকে চতুর্থ ইনিংসে বিশাল লক্ষ্য ছুড়ে দেওয়ার মূল কৃতিত্ব অজিঙ্কা রাহানের। ১ উইকেটে ৭০ রান নিয়ে দিনটা শুরু করেছিল ভারত। আগের দিন অপরাজিত রাহানে-বিজয় জুটি সকালে আরও ৭৩ রান যোগ করেছেন মাত্র ৯৩ বলে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন রাহানে (১২৬)। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ শেষ হয়ে যাওয়া বিজয় আউট হয়েছেন ৮২ রানে। একই চোটে সিরিজ শেষ উইকেটকিপার ঋদ্ধিমান সাহারও। এ দুজনের পরিবর্তে ভারতীয় দলে ঢুকেছেন করুণ নায়ার ও নমন ওঝা।
৫ উইকেটে ২৮৩ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া ভারত আবার খেলা শুরু হতে দ্রুতই হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর বিরাট কোহলি যখন ইনিংস ঘোষণা করেন তখনো দিনের খেলার ঘণ্টা খানেক বাকি। কে ভেবেছিল, ওই সময়েই সাঙ্গাকারার শেষ দেখে ফেলবে পি সারা ওভাল! সনি সিক্স, ক্রিকইনফো।