পারিশ্রমিক না পেয়ে বিসিবির কাছে ৬ নারী ক্রিকেটারের চিঠি

পারিশ্রমিক না পেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন ৬ নারী ক্রিকেটারফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিশ্রমিক নিয়ে আবারও বিসিবির দুয়ারে ক্রিকেটাররা। এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের ছয় নারী ক্রিকেটার নিজেদের পারিশ্রমিক পেতে বিসিবিকে চিঠি দিয়েছেন। তাঁরা হলেন খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, তাহিন তাহেরা, তাজিন আক্তার, রূপা রায় ও ইতি মণ্ডল।

মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্র গত মৌসুমে এই ছয় নারী ক্রিকেটারের পারিশ্রমিক পরিশোধ করেনি। ২০১৯ সালে মেয়েদের প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরটি মাঠে গড়িয়েছিল। ২০ মে থেকে শুরু হতে যাচ্ছে এবারের প্রিমিয়ার লিগ।

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর লেখা চিঠিতে এবারের ঢাকা লিগ শুরুর আগেই পারিশ্রমিকের বিষয়টির সুরাহা চেয়েছেন নারী ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজেই।

নানা জটিলতায় পারিশ্রমিক নিয়ে সমস্যা হয়েছে। আমরা এবারের লিগ শুরুর আগেই সেগুলো সমাধান করে দেব। সাত থেকে ১০ দিনের মধ্যেই মেয়েরা টাকা পেয়ে যাবে।
জাকির আবদুল্লাহ, শেখ রাসেল ক্রীড়াচক্রের নারী ক্রিকেট দলের ম্যানেজার

বকেয়া পারিশ্রমিকের বিষয়টি শেখ রাসেলের ম্যানেজার জাকির আবদুল্লাহও স্বীকার করেছেন। আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যেই পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন।

প্রথম আলোকে আজ তিনি বলেছেন, ‘নানা জটিলতায় পারিশ্রমিক নিয়ে সমস্যা হয়েছে। আমরা এবারের লিগ শুরুর আগেই সেগুলো সমাধান করে দেব। সাত থেকে ১০ দিনের মধ্যেই মেয়েরা টাকা পেয়ে যাবে।’