পার্টির পর বোল্ট পজিটিভ, গেইল নেগেটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলো বসে নেই। সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলছে তারা। জন-মানুষ সেসব শুনছে কিন্তু মানছে কতটুকু? ক্রীড়াঙ্গনের তারকারা যেন এক কাঠি সরেস। করোনা মহামারি শুরু থেকে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভাঙছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। এর খেসারতও দিতে হচ্ছে। কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টকে নিয়ে যেমন গুঞ্জন উঠেছিল, জন্মদিনের পার্টিতে উদ্দাম ‘মাস্তি’ করে তিনি এখন করোনা পজিটিভ। খবরটা শুনে ক্রিস গেইলের নিশ্চয়ই ঘাম ছুটেছে।

জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিশ্ব রেকর্ডধারী আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। চার দিন আগে নিজের ৩৪তম জন্মদিনে পার্টি দিয়েছিলেন বোল্ট। সেখানে ছিল না সামাজিক দূরত্বের বালাই, মুখে মাস্ক তো ছিল-ই না! সংবাদমাধ্যম জানিয়েছে, বোল্টের জন্মদিনের পার্টিতে ছিলেন ফুটবলার লিওন বেইলি, রাহিম স্টার্লিং ও ক্রিকেটার ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার পার্টি কতটা পছন্দ করেন, সেখানে কতটা খোলামেলা—ভক্তরা মাত্রই তা জানেন। খুব স্বাভাবিকভাবেই বোল্টের করোনা হওয়ার গুঞ্জন ওঠার পর আর বসে থাকেননি গেইল। নিজের করোনা পরীক্ষাটা করে ফেলেন তিনি।

ফলটা পাওয়ার পর নিশ্চয়ই তিনি হাঁফ ছেড়ে বেঁচেছেন? করোনায় সংক্রমিত না হওয়ার খবরটা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন গেইল। ইনস্টাগ্রামে এ নিয়ে দুটি পোস্ট করেন তিনি। প্রথম পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে প্রথম কোভিড-১৯ পরীক্ষা করাই...ভ্রমণের আগে আমার দুটো নেগেটিভ ফল দরকার।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘শেষটা (পরীক্ষা) আমার নাকের মধ্যে একটু বেশি ঢুকেছিল। ফল নেগেটিভ।’১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে আইপিএল। এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন গেইল।

করোনায় আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে নিশ্চিত করেছেন বোল্ট, ‘শুভ সকাল। কোভিড-১৯ পজিটিভ নিশ্চিত হয়েছি। শনিবার পরীক্ষা করাই। আমি ঘরেই থাকব এবং বন্ধুদের থেকে দূরে থাকব। শরীরে আক্রান্তের কোনো লক্ষণ নেই। নিজেকে তাই কোয়ারেন্টিনে রাখব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নিজেকে কোয়ারেন্টিনে রাখব।’ জ্যামাইকায় কয়েক সপ্তাহ আগেও করোনায় আক্রান্তের হার ছিল দিনে ১০ জনেরও কম। কিন্তু গত চার দিনে এই হার বিস্ময়করভাবে বেড়েছে। দিনে ৬০ জনেরও বেশি! সেখানে করোনায় এখন পর্যন্ত মৃতের হার ১৬।