পার্থ এবার মুখ ফিরিয়ে নিল

পার্থের ওয়াকা দক্ষিণ আফ্রিকার কাছে যেন কেপটাউন কিংবা জোহানেসবার্গ। এ মাঠে প্রথম পাঁচটি ওয়ানডেতেই তারা জিতেছিল। আজকের ম্যাচের আগে এ মাঠে আটটি ওয়ানডে খেলে জিতেছিল সাতটিতেই। এমনই পয়মন্ত মাঠে এবার কিন্তু আর জয়ের মুখ দেখা হলো না দক্ষিণ আফ্রিকার। আজ অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচে ৩২ রানে হারল এবি ডি ভিলিয়ার্সের দল।
ডি ভিলিয়ার্স নিজে চেষ্টা করেছিলেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। ৩০১ রানের লক্ষ্যটা সহজ কিছু নয়। কিন্তু তাঁর ৮০ আর ডেভিড মিলারের ৬০ রানের পরও তিরে পৌঁছাতে পারল না দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ২০২ রান তুলেও শেষ পর্যন্ত অলআউট হলো ২৬৮ রানে।
১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পরও জর্জ বেইলির ৭৫ বলে ৭০ রানের ইনিংসের সৌজন্যে ৩০০ রানের শক্তপোক্ত সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে ভালোই একটা ধাক্কা দিয়েছিলেন ভারনন ফিল্যান্ডার। প্রথম ৫ উইকেটের তিনটিই তাঁর। ওয়ার্নারের ৪৬ রানের সৌজন্যে ৯৪ রানের উদ্বোধনী জুটির পরও ফিল্যান্ডারের আঘাতে ১৫ ওভারে ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু ষষ্ঠ উইকেটে বেইলি আর ম্যাথু ওয়েডের ৯২ রানের জুটি অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায়। বিশেষ করে শেষ দশ ওভারে অস্ট্রেলিয়া তোলে ১০৪ রান।
জবাব দিতে নেমে ৭৬ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলার পরও ডি ভিলিয়ার্স ও মিলারের ১২৬ রানের জুটিতে ভালোভাবেই ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর কোল্টার–নাইল ঝড়। ২০ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ৪ উইকেটে ২০২ থেকে মুহূর্তেই ৯ উইকেটে ২২২ হয়ে যায় সফরকারীরা। সেই আঘাতটাও আসে পাওয়ার প্লের সময়টায়। নাইল এর মধ্যে তুলে নেন তিন উইকেট। আর ডি ভিলিয়ার্সের রানআউট সর্বনাশের চূড়ান্ত করে। শেষ উইকেটের ৪৬ রানের জুটিটা দক্ষিণ আফ্রিকার পরাজয় বিলম্বিত করেছে মাত্র।