পার্থিবের ব্যাটে মুম্বাইয়ের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা দুই দলের খেলা। এক দল জয় পেয়ে ফিরে পাবে হারানো আত্মবিশ্বাস, অন্য দলকে পুড়তে হবে টানা পঞ্চম হারের লজ্জায়। মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাব—দুই দলের কাছেই কালকের ম্যাচটি ছিল তাই গুরুত্বপূর্ণ। পার্থিব প্যাটেলের দুর্দান্ত এক ইনিংস সেই লড়াইয়ে অনেকখানি এগিয়ে রেখেছিল মুম্বাইকে। শেষ পর্যন্ত জয় হয়েছে মুম্বাইয়েরই, কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে ২৫ রানে।
টসে জিতে ফিল্ডিং নেওয়া পাঞ্জাবের শুরুটা ভালোই ছিল। দ্বিতীয় বলেই ফিরে যান মুম্বাইয়ের প্রধান ভরসা রোহিত শর্মা। কিন্তু প্যাটেল ও অম্বাতি রাইডুর ১৩৭ রানের জুটিতে সেই ধাক্কা সামলে নেয় মুম্বাই। রাইডু (৬৫) ফিরে গেলেও প্যাটেল রয়ে যান। প্যাটেলের দৃঢ়চেতা ৮১ ও জস বাটলারের ২৪ রানের ছোট্ট ঝড় নিশ্চিত করে মুম্বাইয়ের বড় ইনিংস। ৬ উইকেট হারিয়ে মুম্বাই তোলে ১৮৯ রান। জবাবে ৭ উইকেটে ১৬৪ রান তুলতেই শেষ হয় পাঞ্জাবের নির্ধারিত ২০ ওভার। সনি ইএসপিএন।