ভারতের রেকর্ড এখন অস্ট্রেলিয়ার

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে কেন পাঠালেন মোহাম্মদ নবী? এখন নিশ্চয়ই মাথা কুটে মরছেন আফগান অধিনায়ক। দুটো লজ্জার রেকর্ড যে সঙ্গী হলো তাঁদের।
আফগানদের জন্য যেটি লজ্জার, অস্ট্রেলিয়ার জন্য সেটাই গর্বের। এতদিন বিশ্বকাপের সবচেয়ে বড় স্কোর আর সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডটা ছিল ভারতের। দুটো রেকর্ডই আজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪১৭ রান তুলেছিল স্বাগতিকেরা। জবাবে ১৪২ রানে অলআউট আফগানিস্তান। ম্যাচটা তারা হেরেছে ২৭৫ রানে।
অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ে চড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৭৮ রান। স্টিভেন স্মিথ আউট হয়েছেন সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরেই। এই দুজন মূল ভিতটা গড়েছেন। তবে গ্লেন ম্যাক্সওয়েল দ্রুতগতিতে মাত্র ৩৯ বলে ৮৮ রান করায় ভারতের আট বছর আগের রেকর্ড ভেঙে দেয় অস্ট্রেলিয়া। ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ৪১৩ করেছিল ভারত। গতকালই সেই রেকর্ড হুমকির মুখে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু মাত্র ২ রানের জন্য পারেনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১১ রান গড়েছিল প্রোটিয়ারা।
সর্বোচ্চ রানের রেকর্ডটা ভাঙতে না পারলেও বিশ্বকাপে সবচেয়ে বড় জয়ে ভারতীয় রেকর্ডটায় কিন্তু ঠিকই ভাগ বসিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ডটাকেও অতীত করে দিল মাইকেল ক্লার্কের দল। আফগানদের মধ্যে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউই। সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন মিচেল জনসন।
ম্যাচসেরা অবশ্য ওয়ার্নারই। একসময় তো মনে হচ্ছিল প্রথম অস্ট্রেলীয় হিসেবে ওয়ানডের ডাবল সেঞ্চুরিটি দেখবে তাঁরই ব্যাট। কিন্তু শেষ পর্যন্ত ১৯টি চার ও ৫ ছক্কায় ১৩৩ বলে খেলা তাঁর ইনিংসটি থেমে যায় ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২২ রান দূরে। স্টিভেন স্মিথ তাঁর ৯৫ রানের ইনিংসটি খেলেছেন ৯৮ বলে। ৮টি চার ও ১টি ছয়ের মার মেরে তিনি সাজঘরে ফেরেন শাপুরের বলে। স্মিথ ও ওয়ার্নারের দ্বিতীয় উইকেটে ২৬০ রানের যুগলবন্দি অস্ট্রেলিয়ার পক্ষে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের ওয়ানডে জুটি।
ম্যাক্সওয়েল আজ বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন বিশ্বকাপে সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরিটির দিকে। ৩৯ বলে তাঁর ৮৮ রানের খুনে ইনিংসটি শেষ হয় দৌলত জাদরানের বলে। ম্যাক্সওয়েলের ইনিংসে চার থেকে ছয়ের সংখ্যা বেশি। ৬টি চারের বিপরীতে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৭টি ছয়ের মার।
আফগান বোলারদের আসলে করার কিছু ছিল না। অস্ট্রেলিয়ার বিশ্বসেরা ব্যাটসম্যানরা আজ যে মেজাজে ব্যাট চালিয়েছেন, তাতে বরং যা হয়েছে তার চেয়েও খারাপ কিছু হতে পারত। আফগানদের পক্ষে দুই জাদরান—দৌলত ও শাপুর নিয়েছেন দুটি করে উইকেট। হামিদ হাসান ও নওরোজ মঙ্গল কুড়িয়ে নিয়েছেন একটি করে। উইকেট যা-ই পান, অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ নিজেদের বোলিং পরিসংখ্যান ভুলেই যেতে চাইবেন আফগানিস্তানের বোলাররা। আসলে পুরো ম্যাচটিই ভুলে যেতে চাইবে আফগানরা। সূত্র: স্টার স্পোর্টস