
এক হাতে হেলমেট, অন্য হাতে ব্যাট। দুটিই উঁচিয়ে ধরে মুখ থেকে জিব বের করে রাখা উদ্যাপন। বছর খানেক একটু অচেনা হয়ে গিয়েছিল দৃশ্যটা। সাদা পোশাকে রস টেলর নিজেই তো অচেনা হয়ে পড়েছিলেন! গত বছর এই নভেম্বরেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি। তারপর ১১ ইনিংসে আর তিন অঙ্কের দেখা পাননি, ফিফটিও মাত্র দুটি!
অবশেষে কাল ওয়াকায় সেই চেনা টেলরের চেনা উদ্যাপন। তা-ও একবার নয়, দুবার। প্রথমটি সেঞ্চুরির, পরেরটি ডাবল সেঞ্চুরির। দিন শেষে নামের পাশে অপরাজিত ২৩৫। আজ কি তৃতীয়বারের মতো টেলরের ওই উদ্যাপন দেখা যাবে?
ওয়াকায় গতকালের নায়ক যদি টেলর হন, পার্শ্বনায়ক অবশ্যই কেন উইলিয়ামসন। আগের দিন শেষেই ৭০ রানে অপরাজিত ছিলেন। ব্যাট হাতে এমন অবিশ্বাস্য ফর্মে আছেন যে কাল সেখান থেকে উইলিয়ামসনের সেঞ্চুরিটা না হলে সেটাই বিস্ময়কর হতো। কিউই ব্যাটসম্যান কাল আরও ৯৬ রান যোগ করে থামলেন ১৬৬ রানে। সবচেয়ে বড় কথা, টেলরের সঙ্গে তৃতীয় উইকেটে তাঁর ২৬৫ রানের জুটিটা কী দারুণভাবেই না ম্যাচে ফেরাল নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটেই এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫৯ রানের জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে কিউইরা পিছিয়ে মাত্র ৪৯ রানে, টেলরেরটিসহ হাতে ৪ উইকেট। লিড নেওয়ার কথা তো ভাবতেই পারে ব্রেন্ডন ম্যাককালামের দল।
উইলিয়ামসন-টেলরের জুটি জমে উঠেছিল আগের দিনই। কাল লাঞ্চের আগেই উইলিয়ামসন পেয়ে যান টেস্টে নিজের ১২তম সেঞ্চুরিটি। লাঞ্চের খানিক পর তাঁকে অনুসরণ করেন টেলরও। তাঁর ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরিটি এসেছে ১৩৫ বলে। কিন্তু টেলর ওখানেই থামেননি—সেঞ্চুরির পর ১৫০, তারপর মিচেল স্টার্ককে কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিও পেয়ে যান ২৫৪ বলে। এটি তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে কিউইদের হয়ে প্রথম। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ইনিংসটি ছিল মার্টিন ক্রোর, ১৯৮৫ সালে গ্যাবায় ১৮৮। ক্যারিয়ার-সেরা ইনিংসের পথে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকও ছাড়িয়েছেন টেলর।
টেলর-উইলিয়ামসনের দাপটের দিনে নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতে পারেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। দ্বিতীয় নতুন বল হাতেই নিয়ে দুর্দান্ত একটা স্পেলে ওয়াকা কাঁপিয়েছেন গতির ঝড়ে। কিন্তু দুবার তাঁর বলে ক্যাচ পড়েছে। একবার তৃতীয় স্লিপে ম্যাককালামকে জীবন দিয়েছেন নাথান লায়ন, কিউই অধিনায়কের রান তখন ৫। পরে ১৩৭ রানে টেলরের ক্যাচ ফেলেছেন মিচেল মার্শ।
ম্যাককালাম অবশ্য বেশি ভোগাননি অস্ট্রেলিয়ানদের। কিন্তু টেলরের ক্যাচ ফেলার জন্য যে বড় মাশুলই গুনতে হচ্ছে স্টিভেন স্মিথের দলকে। ক্রিকইনফো।