পার্লে 'আবাহনী মাঠ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোল্যান্ড পার্কের মাঠ দেখেই চমকে উঠতে হলো। এটা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জায়গা নাকি পাড়ার কোনো মাঠ!

ঝিরিঝিরি বৃষ্টির কারণে উইকেট ও তার আশপাশের জায়গা ঢাকা থাকায় ওই অংশের অবস্থা বোঝা যায়নি। কিন্তু এর বাইরে পুরো মাঠেরই জায়গায় জায়গায় ঘাস উঠে কালো মাটি বের হয়ে আছে। দেখলে যেকোনো ক্রিকেটারেরই এ মাঠে খেলতে ভয় হবে। বিশেষ করে ফিল্ডিংয়ের জন্য খুবই বিপজ্জনক বোল্যান্ডের এই মাঠ। হঠাৎ বল লাফিয়ে ওঠার আশঙ্কা তো আছেই, ড্রাইভ দিলে ভয় আছে খেলোয়াড়দের চোটে পড়ারও।

দুপুরে অনুশীলনের জন্য এসে মাঠের অবস্থা দেখে অবাক বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তারাও। ম্যানেজার মিনহাজুল আবেদীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘এ তো আবাহনী মাঠ!’ সংবাদ সম্মেলনের পর মাঠ দেখে তামিমও বললেন একই কথা, ‘পুরোই আমাদের আবাহনী মাঠের মতো অবস্থা।’

মাঠের জায়গায় জায়গায় ঘাস উঠে কালো মাটি বের হয়ে আছে। ছবি: প্রথম আলো
মাঠের জায়গায় জায়গায় ঘাস উঠে কালো মাটি বের হয়ে আছে। ছবি: প্রথম আলো

কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ রিচার্ড হ্যালসলকেও মাঠ দেখে চূড়ান্ত অসন্তুষ্ট মনে হলো। উইকেটের পাশে দাঁড়িয়ে দুজন বেশ কয়েক মিনিট কথা বললেন মাঠের কিউরেটরের সঙ্গে।
কিন্তু মাঠের যা অবস্থা, তাতে এখন আর কিউরেটরেরও করার কিছু নেই। তার ওপর কাল থেকেই বৃষ্টি হচ্ছে পার্লে। ঘাসের বুক চিরে জেগে ওঠা মাটিও আর ঠিক মাটি নেই, হয়ে আছে কাদা।