পার্শ্বনায়ক যখন নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজের পরিচিত দৃশ্য। মাঠ ছাড়ছে বিজয়ী বাংলাদেশ দল। তাদের অভিনন্দন জিম্বাবুয়ে অধিনায়কের (চিগুম্বুরা)। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে শেষে l শামসুল হক
সিরিজের পরিচিত দৃশ্য। মাঠ ছাড়ছে বিজয়ী বাংলাদেশ দল। তাদের অভিনন্দন জিম্বাবুয়ে অধিনায়কের (চিগুম্বুরা)। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে শেষে l শামসুল হক

সব দলেই এমন একজন-দুজন ক্রিকেটার থাকেন। পাদপ্রদীপের আলো তাঁদের ওপর খুব বেশি পড়ে না। তাঁরাও তাতে খুব একটা বিচলিত হন না। কোনো কোনো ক্ষেত্রে বরং আলোতেই তাঁদের অস্বস্তি। তাঁদের একটা কেতাবি নামও আছে, ‘আনসাং হিরো।’ নায়কের মর্যাদা খুব বেশি পাওয়া হয় না। সব দলেই একজন-দুজন মাহমুদউল্লাহ থাকেন!
কাল ছিল সেই বিরল দিন, নিত্যদিনের ‘আনসাং হিরো’ যেদিন ‘হিরো।’ পার্শ্বনায়ক মাহমুদউল্লাহ কাল নায়ক, ম্যাচের সেরা! ১০৯ ওয়ানডের ক্যারিয়ারে ম্যাচসেরা মাত্র তৃতীয়বার। এমন নয় যে পারফর্ম করেননি। দুই হাজার রান হয়ে গেছে ওয়ানডেতে, উইকেট আছে ৬৭টি। কিন্তু ওই যে, বরাবরের পার্শ্বনায়ক। তিনি ভালো করলেও ঠিকই দেখা গেছে আলো কেড়ে নিয়ে গেছেন অন্য কেউ।
হঠাৎ আলোতে এলে অনেকটা হকচকিয়ে যান তাঁরা। মাহমুদউল্লাহর যেমন ‘নায়ক’ শব্দটিতেই আপত্তি, ‘আসলে আমি ওভাবে ভাবি না। নায়ক হয়েছি বা হতে হবে, ওসবও মাথায় থাকে না। শুধু দলে অবদান রাখতে চাই। সেই অবদান যদি দলকে জেতাতে পারে, তাহলে বেশি ভালো লাগে। আজ যেমন ভালো লাগছে যে দলের প্রয়োজনে রান করতে পেরেছি, দলকে জেতাতে পেরেছি।’
তা দলের কাল প্রয়োজন ছিল বটে। তিনি যখন উইকেটে গেলেন, এনামুল-তামিমকে হারিয়ে দলের রান ৩১। চোখের পলকে ইমরুল-সাকিবকেও হারিয়ে সেটি হয়ে গেল ৪ উইকেটে ৩২। সময়ের দাবি ছিল যেমন, মাহমুদউল্লাহ খেলেছেনও তেমনটাই। মুশফিকুর রহিম যখন এসেই শট খেলছিলেন, মাহমুদউল্লাহ আঁকড়ে ছিলেন এক পাশ। দুজনের জুটি যখন এক শ হলো, তাতে মুশফিকের অবদান ছিল ৬৫, মাহমুদউল্লাহর ৩০! পরে ঠিকই রান বাড়ানোর কাজটিও করেছেন। তাতেই ক্যারিয়ার-সেরা অপরাজিত ৮২।
ক্যারিয়ার-সেরা ইনিংসটি হতে পারত ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিও। সেটি যে হয়নি, তাতে আক্ষেপটা লুকালেন না মাহমুদউল্লাহ, ‘সত্যি বলতে, একটা সময় ভেবেছিলাম যে আজ সেঞ্চুরি হতে পারে। ইচ্ছে ছিল সেঞ্চুরি করার। কিন্তু মুশফিক যখন মারছিল, তখন প্রয়োজন ছিল আরেক পাশে একজনের ধরে রাখার। পরে মাশরাফি ভাইও শট খেলল। আমি ঠিক করেছিলাম যে শেষ ২-৩ ওভার ছাড়া ঝুঁকি নেব না। এ জন্যই হয়তো আর পারিনি। আজ হয়নি, আশা করি একদিন হয়ে যাবে সেঞ্চুরি।’
আশাটা এখন আরও বেশি করে করতে পারেন, কারণ নিয়মিতই ব্যাট করতে পারছেন ব্যাটিং অর্ডারের ওপরের দিকে। ওয়ানডেতে যে ১০ বার পঞ্চাশ ছুঁলেন, ৭ বারই ছিল সাতে ব্যাট করে, একবার ছয়ে। টেস্টে চার নম্বর জায়গাটি তো আপাতত নিজের করে নিয়েছেনই। ওয়ানডেতেই এই সিরিজের প্রথম ম্যাচে চারে নামানো হয়েছিল। সেদিন ১ রানে ফিরলেও কাল আবার চারে সুযোগ পেয়ে ব্যাট করলেন শেষ পর্যন্ত। সব মিলিয়ে চার নম্বরে তিনবার ব্যাট করে দুটি ফিফটি করলেন, ওয়ানডেতেও চার নম্বর জায়গাটি তাই পাকাপাকি দাবি করতেই পারেন!
ব্যাট হাতে সেই দাবি জানিয়েছেন, আর মুখে দিয়ে রাখলেন ইঙ্গিত, ‘চার নম্বরে ব্যাট করলে আমি একটু সময় নিয়ে ব্যাট করতে পারি। আমার ধরনটার সঙ্গে মানিয়ে যায়। তা ছাড়া খুব উপভোগও করছি চার নম্বরে ব্যাট করা।’
ওয়ানডেতে আগে যে দুবার ম্যাচসেরা হয়েছিলেন, দুবারই ছিল অলরাউন্ড নৈপুণ্যে। দুবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালে ধবলধোলাইয়ের ম্যাচে ৫১ রান ও ২ উইকেট, ২০১২ সালে সিরিজ জয়ের ম্যাচে ৪৮ রান ও ২ উইকেট। কালই তাই শুধু ব্যাটিং দিয়ে ম্যাচসেরা।
মাহমুদউল্লাহ উপভোগ করছেন ব্যাটিং। বাংলাদেশ উপভোগ করছে এই সিরিজ। এক-এক করে ৪-০ হয়ে গেল। টেস্ট সিরিজসহ ধরলে ৭-০! এবার ৫-০ করার পালা, কিংবা ৮-০!