পালাবদলের নেতৃত্বে আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে আমলা l প্রথম আলো
সংবাদ সম্মেলনে আমলা l প্রথম আলো

টেস্ট র‌্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠা বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই। বাংলাদেশের সঙ্গে দ্বৈরথের ইতিহাসও একেবারে একতরফা, মুখোমুখি আট টেস্টের মাত্র একটি ছাড়া সবগুলোতেই জিতেছে ইনিংস ব্যবধানে। টেস্ট সিরিজের আগে হাশিম আমলার অন্তত র‌্যা ঙ্কিংয়ের নয় নম্বর দলের ভাবনায় জেরবার হওয়ার কথা নয়। কিন্তু যত বড় গলায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জয়ের কথা বলতে পারতেন, ততটা বললেন কই?
এমনিতে মাঠে যেমন তাঁর ব্যাটিং চোখের জন্য দারুণ দৃষ্টিসুখকর, সংবাদ সম্মেলনেও আমলার কথাবার্তা সে রকমই পরিশীলিত। ‘জয়টা কোনো ব্যাপার নাকি’ জাতীয় শরীরী ভাষা আমলার সঙ্গে একেবারেই যায় না। তার ওপর পরিবর্তিত পরিস্থিতি আমলাকে যেন আরও আড়ষ্ট করে রাখল। ওয়ানডে সিরিজের হারের ক্ষতটা এখনো দগদগে। হৃদয় খুঁড়ে উঠে আসা বেদনা নিয়েই আমলা মানলেন, ‘বাংলাদেশ যেভাবে ওয়ানডে সিরিজে পারফর্ম করেছে, নিশ্চয়ই তারা সেই আত্মবিশ্বাসটা টেস্ট সিরিজেও নিয়ে যাবে।’
ওয়ানডে আর টেস্টের মেজাজ-ধরন সবকিছুই একেবারে অন্য রকম। আমলা তাই যৌক্তিকভাবেই আশা করছেন, সাম্প্রতিক ফলটা খুব বেশি প্রভাব ফেলবে না, ‘টেস্ট ক্রিকেটের ধরনটা আলাদা। অধিনায়ক হিসেবে আমার কাছে আমরা কেমন খেলতে পারছি, সেটাই আসলে বড়।’ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট-দর্শনও মনে করিয়ে দিলেন, ‘আসলে ওরা কেমন খেলবে, সেটা নিয়ে আমরা খুব একটা ভাবছি না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভালো করার একটা বড় কারণ, আমরা প্রতিপক্ষ বিচার করে খেলি না, নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করি। সেটা করতে পারলে আমার মনে হয় ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’ তবে কিছুদিন আগে হলেও ‘ফল পক্ষে আসার’ কথা না বলে আমলা হয়তো জয়ের কথাই বলতেন সরাসরি!
কথাটা একটু ঘুরিয়ে বলার আরও কারণ আছে। দক্ষিণ আফ্রিকার বোলিং বিশ্বের অন্যতম সেরা, এ নিয়ে দ্বিমত করার কিছু নেই। স্টেইন-ফিল্যান্ডার-মরকেলকে নিয়ে গড়া পেস আক্রমণ রীতিমতো ভীতি-জাগানিয়া। তবে ব্যাটিং নিয়ে বড় একটা প্রশ্নচিহ্ন আছেই। ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্সের অভাবটা ভালোই টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্টেও তিনি নেই। এই শূন্যতা যে অপূরণীয়, সেটি মেনে নিয়েও অন্যভাবে ভাবতে চাইছেন আমলা, ‘বিশ্বের সেরা ব্যাটসম্যানের অভাবটা যেকোনো দলই অনুভব করতে বাধ্য। একই সঙ্গে এটাও ঠিক, অন্য ব্যাটসম্যানদের জন্য এটা নিজেদের প্রমাণ করার সুযোগ।’
সেই সুযোগ নতুনরা কতটা কাজে লাগাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। সত্যিটা এই, দক্ষিণ আফ্রিকান ব্যাটিং একটা পালাবদলের মধ্য দিয়েই যাচ্ছে। গ্রায়েম স্মিথ-জ্যাক ক্যালিসদের শূন্যস্থান তো আর এক দিনে পূরণ হওয়ার নয়। আমলার কথাতেও সেটির অনুরণন, ‘ব্যাটিংয়ের দিক দিয়ে আমাদের দল একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, এ ব্যাপারে সন্দেহ নেই। বেশ কিছু নতুন খেলোয়াড় এসেছে। ফন জিল কয়েকটা ম্যাচ খেলছে, ডিন (এলগার) অবশ্য বেশ কিছুদিন থেকে খেলছে। তবে টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ হতে হলে পাঁচ-ছয় বছর সময় তো লাগেই।’ এই দলে যেমন আমলা ছাড়া অন্য ব্যাটসম্যানরা অভিজ্ঞতার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। আমলা যেখানে টেস্ট খেলেছেন ৮২টি, ডু প্লেসি-ডি কক-ডুমিনিদের মিলিত অভিজ্ঞতা মাত্র ৫২টি টেস্টের।
তার পরও টেস্টে ওয়ানডের পুনরাবৃত্তি হলে আমলা সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাবেন বলে মনে হয় না।