পাল্টা অভিযোগ রাসেলের আইনজীবীর
একবার-দুবার নয়, ডোপ পরীক্ষা দিতে তিনবার ডাকা হয়েছে আন্দ্রে রাসেলকে। আর ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার তিনবারই গরহাজির! গত মার্চে এই খবরটাই দিয়েছিল জ্যামাইকার অ্যান্টি-ডোপিং কমিশন (জ্যাডকো)। সাধারণত ১২ মাসের মধ্যে তিনবার ডোপ পরীক্ষায় অনুপস্থিত থাকলে ধরে নেওয়া হয় ওই অ্যাথলেট ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাই নিষেধাজ্ঞার একটা খড়্গ ঝুলছিল রাসেলের ওপর।
তবে এবার রাসেলের আইনজীবী পাল্টা অভিযোগ আনলেন জ্যাডকোর বিরুদ্ধে। আইনজীবী প্যাট্রিক ফরস্টারের দাবি, জ্যামাইকার ডোপবিরোধী সংস্থাটি নাকি তৃতীয়বার ডাকেইনি রাসেলকে! দেশটির জ্যামাইকা গ্লিনার পত্রিকা জানিয়েছে, গত ২০ জুলাই স্বতন্ত্র একটি তদন্ত কমিশনের শুনানিতে ফরস্টার বলেছেন তাঁর মক্কেল মাত্র দুবার চিঠি পেয়েছেন, তৃতীয় কোনো চিঠি তাঁকে দেওয়া হয়নি।
জ্যাডকোর আইনজীবীদের কাছে তৃতীয় চিঠির অনুলিপিও দাবি করেছেন ফরস্টার। কমিশনের চেয়ারম্যান হিউ ফকনারও জ্যাডকোকে তৃতীয় চিঠির অনুলিপি জমা দিতে বলেছে। জ্যাডকোকে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর শুনানি হবে।
সাধারণত বারবার ইচ্ছাকৃতভাবে ডোপ টেস্টে অনুপস্থিত থাকার জন্য দোষী সাব্যস্ত হলে বিশ্ব ডোপবিরোধী সংস্থার আইন অনুসারে কোনো অ্যাথলেট দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ক্রিকইনফো।