
ম্যাচ শেষে একটা স্টাম্প হাতে নিয়ে বের হলেন নাসির হোসেন। ইমার্জিং টিমস এশিয়া কাপের কোনো ম্যাচই ওয়ানডের মর্যাদা পাবে না। তবে কেউ অসাধারণ খেললে সেটি স্মৃতিতে থেকে যাওয়ারই কথা। নাসিরের কালকের সেঞ্চুরিটাও চোখে লেগে থাকবে বহুদিন। তাঁর অসাধারণ ইনিংসটাই তো নেপালের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ৮৩ রানের জয়ে বড় অবদান রেখেছে।
অবিনাশ কর্নের দারুণ বোলিংয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১৫ রানের মধ্যে স্বাগতিকদের প্রথম তিন উইকেট তুলে নেন নেপালের বাঁহাতি পেসার। দেখতে দেখতে স্কোর ৪ উইকেটে ৩৩! তখনই অধিনায়ক আর সহ-অধিনায়ক, অর্থাৎ মুমিনুল হক-নাসিরের প্রতিরোধ, পাল্টা লড়াই।
পঞ্চম উইকেটে নাসির-মুমিনুলের ৭৮ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে। কক্সবাজার একাডেমি মাঠে বাংলাদেশ দলের ড্রেসিংরুম একেবারে প্রেসবক্স-ঘেঁষা। সেখান থেকে সতীর্থরা মুমিনুলকে উত্সাহ দিচ্ছেন, ‘এই পথে ভাই, এই পথে...।’ কিন্তু হঠাৎই পথটা হারিয়ে ফেললেন বাঁহাতি ব্যাটসম্যান। সন্দীপ লামিছানকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে নেপালি অধিনায়ক জয়েন্দ্র মালার ক্যাচ হওয়ার আগে তাঁর রান ৬১। অধিনায়ককে হারিয়ে বাংলাদেশ আবারও চাপে।
এক প্রান্তে আগলে রেখে সেই চাপটা দারুণ সামলেছেন নাসির। নবম উইকেটে আবুল হোসেনের সঙ্গে ৫৫ বলে ৭৬ রানের জুটি গড়ে নেপালের সামনে ছুড়ে দিয়েছেন বড় লক্ষ্য। নাসির সেঞ্চুরি পূর্ণ করেছেন শেষ ওভারে দিপেন্দ্র সিংকে ছক্কা মেরে। ১১৫ বলে অপরাজিত ১০৯ রানে। ১২ চার আর ২ ছয়ে সাজানো ইনিংসে একটু খুঁত অবশ্য আছে। ৩৭ ও ৯০ রানে জীবন পেয়েছেন দুবার। তবে কুড়িয়ে পাওয়া সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করেছেন তিনি। ম্যাচ শেষে নিজের ইনিংসের চেয়ে মুমিনুলের সঙ্গে জুটিটাকেই বড় করে দেখলেন নাসির, ‘নেপালকে মোটেও দুর্বল দল মনে হয়নি। মনে হয়েছে অস্ট্রেলিয়া বা বড় কোনো দলের সঙ্গে খেলছি। ওই সময় সৌরভের (মুমিনুল) সঙ্গে জুটি না হলে আমরা হয়তো ১১০-১২০ রানে অলআউট হয়ে যেতাম!’
বাংলাদেশের দেওয়া ২৫৮ রান তাড়া করতে নেমে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা নেপাল পরে চোখ রাঙিয়েছে দিপেন্দ্র-দিলিপ নাথের জুটির সৌজন্যে। চতুর্থ উইকেটে ৯৮ রান যোগ করে বাংলাদেশের বোলারদের ভালোই পরীক্ষা নিয়েছেন দুজন। ৪১ রান করা দিলিপকে বোল্ড করে দলকে স্বস্তি এনে দেন রাহাতুল ফেরদৌস। রাহাতুলেরই শিকার হয়ে দিপেন্দ্র ফেরেন ৫৬ রানে। ৬০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে নেপাল ৪২.৩ ওভারে অলআউট ১৭৪ রানে।
কালকের জয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে তাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারানোর আকাঙ্ক্ষাটা মরে যাচ্ছে না মুমিনুলদের।
সংক্ষিপ্তস্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ (নাসির ১০৯*, মুমিনুল ৬১, আবুল হাসান ২৯, আফিফ ১৪, সাইফউদ্দিন ১৩, সাইফ ৭, নাজমুল ৪, রাহাতুল ৪, নাসুম ১*; অবিনাশ ৩/৪৬, লামিছান ২/৪১)।
নেপাল: ৪২.৩ ওভারে ১৭৪ (দিপেন্দ্র ৫৬, দিলিপ ৪১, বিনোদ ৩৩; রাহাতুল ৪/৪৫, সাইফউদ্দিন ৩/২২, আবুল হাসান ২/৪০, নাসির ০/২৮, নাসুম ০/১৯, আফিফ ০/১০, মুমিনুল ০/৫)।
ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী।
ম্যাচসেরা: নাসির হোসেন (বাংলাদেশ)।