পাল্টা আক্রমণে সাকিবের ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান। ছবি: এএফপি
সাকিব আল হাসান। ছবি: এএফপি

প্রথম স্কোরিং শটটাই ছিল চার! উমেশ যাদবের ওই ওভারের প্রথম বলেই এলবিডব্লু হয়ে ফেরত গেছেন মুমিনুল হক। বাংলাদেশ তখন ৩ উইকেটে ৬৪। কিন্তু সাকিব এসেই শুরু করলেন ওই শট দিয়ে। অফ স্টাম্পের বাইরের ফুলটস, সেটিকে করলেন বাউন্ডারিছাড়া।

পরের স্কোরিং শটও চার! এবারও উমেশ যাদব, পরের ওভারে। এবারও অফ স্টাম্পের বাইরের বল, দুর্দান্ত শটে সেটিকে পয়েন্টে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন সাকিব। বোঝাই যাচ্ছিল, দিনের শুরুতে ভারতীয় বোলাররা বাংলাদেশকে চেপে ধরার যে চেষ্টা করে যাচ্ছিলেন, সেটির জবাব বাংলাদেশি অলরাউন্ডার দিতে চাইছেন প্রতি-আক্রমণে।
এখন পর্যন্ত তাতে ফলও আসছে। দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিংই করছেন সাকিব। লাঞ্চের পর অশ্বিনকে চার মেরেই ফিফটিও করে ফেলেছেন। ভারতের বিপক্ষে আগের আট ইনিংসে সাকিবের সর্বোচ্চ রানই ছিল ৩৪, আজ সেটিও পেরিয়ে গেলেন।
সাকিব এই মুহূর্তে অপরাজিত আছেন ৫৭ রানে। ৭৭ বলের ইনিংসে ১০টি চার! তাঁর সঙ্গী মুশফিক, বাংলাদেশ অধিনায়কের রান ২২ । পঞ্চম উইকেটে এই দুজনের জুটিতেও এসে গেছে ৬০ রান। এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৯।
অবশ্য সাকিব-মুশফিকের জুটিতে রানিং বিট্যুইন দ্য উইকেট নিয়ে প্রশ্ন তোলাই যায়। পরপর দুবার দুটি ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে দুবারই অল্পের জন্য বেঁচে গেছেন মুশফিক। প্রথমবার তো বেঁচেছেন একেবারে সেকেন্ডের ভগাংশের ব্যবধানে! উইকেটকিপার ঋদ্ধিমান সাহার কাছে বল পৌঁছানোর আগেই ক্রিজে ব্যাট রেখেছিলেন, কিন্তু দৌড়ের গতির কারণে ব্যাট বাতাসে ভেসে যায়। শেষ পর্যন্ত ঋদ্ধিমান যখন উইকেট ভেঙেছেন, তার সেকেন্ডেরও ভগ্নাংশ সময় আগে মুশফিকের ব্যাটের গ্রিপের অংশ ঢুকে যায় ক্রিজের ভেতর।
দিনের তৃতীয় ওভারেই এমন জঘন্য এক রান আউটেই ফিরেছেন তামিম ইকবাল। আগের দিনের ২৪ রানের সঙ্গে আজ আর একটি রানই যোগ করতে পেরেছেন তামিম। আগের দিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হকও বেশিক্ষণ থাকেননি। এগারোতম ওভারে ফিরেছেন যাদবের বলে এলবিডব্লু হয়ে।
এরপর দুর্দান্ত বোলিংই করেছেন যাদব। প্রতিটি বলই ৮৫-৯০ মাইল গতির, সঙ্গে দুর্দান্ত সুইং—বাংলাদেশ ব্যাটসম্যানদের ওপর যেন বইয়ে দিচ্ছিলেন ঝড়। তবে সেই ঝড় মোটামুটি ভালোই সামাল দিচ্ছিলেন সাকিব-মাহমুদউল্লাহ। দলের রান এক শও পার করে নিয়ে যান। কিন্তু বোলিংয়ে বদল আসতেই জুটিটা গেল ভেঙে। ইশান্ত শর্মার বলে এলবিডব্লু হয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহ (২৮ রানে)।