পাল্টা জবাব দিচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুলের ব্যাটে পাল্টা জবাবের শুরু। ছবি: এএফপি
রাহুলের ব্যাটে পাল্টা জবাবের শুরু। ছবি: এএফপি

টেস্ট অভিষেকেই ৭ উইকেট। আঠারো বছর বয়সী তরুণের এমন বোলিং আশা ছড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু চোট এমনভাবেই ছোবল হানল, প্যাট কামিন্স আর টেস্টই খেলতে পারলেন না। অবশেষে টেস্ট অভিষেকের ছয় বছর পর আন্তর্জাতিক ম্যাচে আবারও লাল বলে খেলার সুযোগ হলো কামিন্সের। দারুণ গতি ও বাউন্সের খেলা দেখিয়েছেন। প্রত্যাবর্তনটাও দারুণ হয়েছে, বিপজ্জনক হয়ে ওঠা লোকেশ রাহুলকে আউট করে দলকে দিয়েছেন ক্ষণিক স্বস্তি। তবু ১ উইকেটে ১২০ রান করে দ্বিতীয় দিন শেষে এগিয়ে ভারত। জবাবটা তারাও ভালো দিচ্ছে।

দিনের শুরু থেকেই প্রশ্ন, বিরাট কোহলি কি ব্যাটিংয়ে নামতে পারবেন? কোহলির নামারই দরকার হলো না! ৯ উইকেট হাতে রেখে ৩৩১ পিছিয়ে স্বাগতিক দল।
লোকেশ রাহুলই শুরু করেছিলেন আচ্ছা জবাব দেওয়া। সাড়ে চার শ রানের স্কোরের চাপটা একদমই বুঝতে না দিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ওপেনার। কামিন্স ও জশ হ্যাজলউডদের একদমই চড়ে বসতে দেননি। দারুণ সব শটে ৯ চারে সিরিজে আরেকটি ফিফটি তুলে নিয়েছেন। ছয় বছর পর টেস্টে ফেরা কামিন্সের বলে ক্যাচ দিতে বাধ্য হওয়ার আগে ৬৭ রান করেছেন। উদ্বোধনী জুটিতে ৯১ রান তুলে দিয়ে স্বস্তি এনে দিয়েছেন দলকে। মুরালি বিজয় (৪২*) ও চেতেশ্বর পূজারা (১০*) আর কোনো অঘটন ঘটতে দেননি।
এর আগে দিনের সব আলো ছিল স্টিভ স্মিথকে ঘিরে। সকালেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন। প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে করেছেন দেড় শ রান। ভারতে অস্ট্রেলীয় অধিনায়কদের সর্বোচ্চ ইনিংসটা ছিল মাইকেল ক্লার্কের। ২০১৩ সালের ভারত সফরে চেন্নাইয়ে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন ক্লার্ক। আজ ১৭৮ রানে অপরাজিত থাকলেন স্মিথ।
ক্লাইভ লয়েডের পর প্রথম কোনো সফরকারী অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরিও করতে পারতেন স্মিথ। কিন্তু ৫ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ৪৫১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। না হলে যেভাবে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল আজ আর অস্ট্রেলিয়া অধিনায়ককে আটকাতে পারবেন না কেউ। শেষ পর্যন্ত তাঁকে আউট করতেও পারেনি ভারত। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল (১০৪) আউট হওয়ার পর ম্যাথু ওয়েড (৩৭) ও স্টিভ ও’ কিফ (২৫) ছাড়া অন্য কেউ সঙ্গ দিতে পারেননি স্মিথকে।