পাল্টা তির বোথামকে
ব্যাপারটা অনুমিতই ছিল। বিশ্ব ক্রিকেটের একরকম নিয়ন্তা এখন ভারত। সেই ভারতের ‘গর্ব’ আইপিএলের এমন সমালোচনা করে কী আর পার পাওয়া যায়! ইয়ান বোথামকে পাল্টা তিরে বিঁধতে একটুও সময় নেননি ভারতের ক্রিকেট কর্তারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সচিব সঞ্জয় প্যাটেল আঘাত করেছেন বোথামের দুর্বল জায়গায়। বিতর্কিত ধনকুবের অ্যালেন স্ট্যানফোর্ডের টি-টোয়েন্টি লিগে সম্পৃক্ত ছিলেন বোথাম, সেটা মনে করিয়ে দিয়েছেন প্যাটেল।
‘ওই ছবিটা আমি এখনো স্পষ্ট দেখতে পাই—ইংল্যান্ড গিয়ে দেখেছিলাম স্ট্যানফোর্ডের পাশে বসে আছে বোথাম। অথচ সেই লোকটিই এখন আইপিএল নিয়ে কথা বলার মতো হঠকারিতা দেখাচ্ছে’—পিটিআইকে বলেছেন প্যাটেল। আইপিএল বন্ধ করে দেওয়ার বোথামের পরামর্শকেও অযাচিত মনে হচ্ছে প্যাটেলের, ‘বোথামের পরামর্শ দরকার নেই আমাদের। পরামর্শ দেওয়ার জন্য আমাদের নিজেদেরই সুনীল গাভাস্কার, কপিল দেব, রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের মতো সাবেকরা আছেন।’
স্ট্যানফোর্ডের প্রাইভেট টি-টোয়েন্টি লিগে আরও বেশ কজন কিংবদন্তির সঙ্গে ছিলেন বোথামও। ২০০৮ সালে সেই লিগের প্রথম আসরই হয়ে আছে শেষ আসর। প্রতারণার মামলায় টেক্সাসের এই ধনকুবেরের ১১০ বছর জেল হয়েছে। গত বুধবার এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে লেকচারে বোথাম বলেছেন, ‘আইপিএল নিয়ে আমি চিন্তিত—সত্যি বলতে, আমি চাই এটি একেবারেই না থাকুক, কারণ বিশ্ব ক্রিকেটের অগ্রাধিকার পাল্টে দিয়েছে। ক্রিকেটাররা এখন আইপিএলের দাস। প্রশাসকেরাও এর কাছে মাথা নত করে আছে।’
বিসিসিআই সচিব বোথামকে সত্য তথ্য দিতেও আহ্বান জানিয়েছেন, ‘তাঁর উচিত তথ্যগুলো আগে ঠিকঠাক মতো দেওয়া। সে প্রশ্ন তুলেছে বোর্ডগুলো কীভাবে তাদের ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিল। ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেওয়ার জন্য বিসিসিআই বিভিন্ন দেশের বোর্ডগুলোকে এক কোটি মার্কিন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দিয়েছে।’ বোথাম অবশ্য অভিযোগটি তুলে সঙ্গে যোগ করেছিলেন, ‘ইদানীং চিত্রটা একটু পাল্টেছে, তার পরও এটি ভারসাম্যহীন।’
বিতর্কের এই সময়ে আইপিএল আবার পাশে পেয়েছে এক পুরোনো বন্ধুকেও। পাকিস্তানি কিংবদন্তি ও আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক ওয়াসিম আকরামের ধারণা, ইংলিশ ক্রিকেটাররা আইপিএলে তেমন খেলে না বলে রঙিন পোশাকে ইংল্যান্ডের এই দুরবস্থা, ‘ইংল্যান্ডকে দেখে মনে হয় ওরা ৫০ ওভারের ক্রিকেটে ততটা আগ্রহী নয়। আদতে ওয়ানডেতে ওরা এতটা
ভালো নয়, কারণ ওদের প্রতিভার ভান্ডার ততটা সমৃদ্ধ নয়। তা ছাড়া খেলেও কম ওরা। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা সারা
বছর ধরেই সংক্ষিপ্ত সংস্করণ খেলে। ওদের ক্রিকেটাররা আইপিএলেও খেলে অনেক বেশি। এতে ওদের অনেক উপকার হয়েছে। ইংল্যান্ডে অল্প কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলত, সেটাও এখন বন্ধ। এই কারণেই ওদের সীমিত ওভারে এত ধুঁকতে হচ্ছে।’ এএফপি, ক্রিকইনফো, পিটিআই।