পাশেই খুশি হাডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই স্টিভ স্মিথের পােশ থাকতে চান ব্র্যাড হাডিন l ফাইল ছবি
এভাবেই স্টিভ স্মিথের পােশ থাকতে চান ব্র্যাড হাডিন l ফাইল ছবি

ব্যাটে নেই রান। তাঁকে টপকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব পেয়ে গেছেন স্টিভেন স্মিথ। আলোচনায় তিনি এসব নিয়েই। সবাই যেন ভুলেই গেছে, লোকটির আসল কাজ উইকেটকিপিং! মেলবোর্নে কাল সংবাদ সম্মেলন শেষে ব্র্যাড হাডিন বললেন, ‘কিপিং নিয়ে কারও জিজ্ঞাসার কিছু নেই!’
অবশ্যই অভিমানভরে নয়, হাডিন বলেছেন মজা করে। চাইলে অভিমানও করতে পারেন। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নিয়ে ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান রেকর্ড, ম্যাচে নিয়েছেন ৯ ক্যাচ। একটু প্রশংসার দাবি জানাতেই পারেন। কিন্তু কিপারদের শুধু কিপিংটা ভালো করলেই আর চলে না অনেক দিন। সবশেষ ১৪ ইনিংস মিলিয়ে রান যদি হয় ১২০, সর্বোচ্চ ২৮, তাহলে আধুনিক ক্রিকেটে সেটি কিপিংয়ের সাফল্যকে আড়াল করে দেওয়ার জন্য যথেষ্ট। হাডিনের সংবাদ সম্মেলনে তাই ব্যাটিং নিয়ে প্রশ্ন হলো। তার চেয়েও বেশি প্রশ্ন অধিনায়কত্ব নিয়ে। বলা ভালো, অধিনায়কত্ব না পাওয়া নিয়ে!
দলের সবচেয়ে পুরোনো ক্রিকেটার তিনি, সহ-অধিনায়কও। মাইকেল ক্লার্ক চোট নিয়ে ছিটকে পড়ার পর তাঁর ডেপুটির দায়িত্ব নেওয়াই ছিল অনুমিত, যেভাবে চলে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। কিন্তু এবার ভবিষ্যতের দিকে তাকিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে তরুণ স্মিথকে, হাডিন যথারীতি ডেপুটি। উপমহাদেশের কোনো দলে এমন হলে পারিবারিক দ্বন্দ্বের জমজমাট ও রসাল চিত্রনাট্যের উপাদান মিলে যেত হয়তো। কিন্তু স্মিথ দায়িত্ব নিয়েই বলেছেন, হাডিনের সঙ্গে তাঁর সম্পর্কটা কত ঘনিষ্ঠ, হাডিন কতটা দল অন্তঃপ্রাণ। ব্রিসবেন টেস্টে মাঠেও সেটা প্রতিফলিত হয়েছে।
যেটুকু বাকি ছিল, সেটাও হয়ে গেল কাল। হাডিনের কণ্ঠেও একই কথা, ‘আমার মতে, খুব ভালো ও সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টিভকে নেতৃত্ব দিয়ে। এটাই ওর নেতৃত্ব পাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। নিজের খেলার চূড়ায় আছে ও এখন, অধিনায়ক হয়ে তাই ব্যাটিং নিয়ে বাড়তি ভাবনার কিছু নেই। খুব ভালো একজন নেতা স্টিভ। এখনো অনেক তরুণ, সময়ের সঙ্গে এই দায়িত্বে ভালো থেকে আরও ভালো হয়ে উঠবে।’
অ্যাডিলেড টেস্টে ক্লার্ক চোট নিয়ে বাইরে চলে যাওয়ার পর ঘণ্টা দুয়েক নেতৃত্ব দিয়েছিলেন হাডিন। তাঁর বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো তখন তুমুল প্রশংসিত হয়েছিল। সেই প্রসঙ্গ তুলতেই আবার হাডিনের কৌতুক, ‘সব সময় এই দায়িত্ব পালনের চেয়ে আমি চাইব ওই দুটি ঘণ্টাই আপনারা বেশি মনে রাখুন! সত্যি বলতে, ক্রিকেট অস্ট্রেলিয়ার অসাধারণ সিদ্ধান্ত এটি। খেলাটা নিয়ে ওর নিজস্ব দর্শন আছে। ওর চিন্তাভাবনা দারুণ, সব সময়ই শিখতে চায়। সব মিলিয়ে দারুণ সিদ্ধান্ত।’
তবে স্মিথের জন্যও এখন হাডিনের রান পাওয়াটা জরুরি। পাশে এমন একজন সঙ্গী থাকলে যে নেতৃত্বের কঠিন কাজটাও অনেক সময় অনেক সহজ হয়ে যায়! ক্রিকইনফো।