পাহাড় ডিঙানোর প্রচেষ্টা ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরলি বিজয়কে ফেরালেন মিচেল স্টার্ক। ইনিংস শুরুর এই ধাক্কা অবশ্য সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল ছবি: ক্রিকইনফো
মুরলি বিজয়কে ফেরালেন মিচেল স্টার্ক। ইনিংস শুরুর এই ধাক্কা অবশ্য সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল ছবি: ক্রিকইনফো

ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্সের পর স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন। শন মার্শ কিংবা জো বার্নসও কম যান না। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটসম্যান যেন ভারতীয় বোলিং নিয়ে খেললেন। দুটো সেঞ্চুরি আর চারটি হাফ সেঞ্চুরিতে ৫৭২ রানের সুবিশাল সংগ্রহে থেমে ভারতকে কঠিন এক চ্যালেঞ্জের মুখেই ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক স্টিভেন স্মিথ আর শেন ওয়াটসন ১৪৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন প্রথম দিন শেষে। আজ সেটাকে ১৯৬ রানে টেনে নিয়ে গিয়ে থামলেন তাঁরা। ব্যক্তিগত ৮১ রানে মোহাম্মদ শামির বলে রবিচন্দন অশ্বিনের হাতে ধরা পড়ে রান-উৎসব থেকে বিদায় নেন পুরো সিরিজে নিজেকে হারিয়ে খোঁজা ওয়াটসন। কিন্তু অধিনায়ক স্মিথ থামলেন আরও পরে, সিরিজে নিজের চতুর্থ সেঞ্চুরিটি পূরণ করেই। এই কীর্তিতে অস্ট্রেলিয়ার পক্ষে একটি নির্দিষ্ট সিরিজে চার বা চারের অধিক সেঞ্চুরি করা গ্রেটদের কাতারে নিজেকে নিয়ে গেছেন স্মিথ। স্মিথ যাঁদের সঙ্গে ব্র্যাকেটবন্দী হলেন, তাঁরা হলেন স্যার ব্র্যাডম্যান, নিল হার্ভে, জ্যাক ফিংলটন ও ম্যাথু হেইডেন। ১১৭ রানের অনবদ্য এই ইনিংসে ছিল ১৫টি চারের মার। উমেশ যাদব ফেরান স্মিথকে, ঋদ্ধিমান সাহার সহায়তায়।
ওয়াটসন ও স্মিথ ফিরে যাওয়ার পর ভারতের দুর্গতিটা অব্যাহতই থাকে। রান-উৎসবে যোগ দেন শন মার্শ ও জো বার্নস। পঞ্চম উইকেট জুটিতে ১১৫ রান তুলে এই দুজন মোট সংগ্রহকে নিয়ে যান পর্বতসম উচ্চতায়। মার্শের ব্যাট থেকে আসে ৭৩, বার্নসের ৫৮ রান। শেষের দিকে রায়ান হ্যারিস ২৫ রানের ইনিংস খেললে ভারতীয় বোলারদের নিয়ে যান ধৈর্যের প্রান্তসীমায়। 
১৫২.৩ ওভার ব্যাটিং করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। দিনের শেষ সেশনে ভারতের কয়েকটা উইকেট তুলে নেওয়ার লক্ষ্য থাকলেও তা পুরোপুরি সফল হয়নি অস্ট্রেলিয়ার। ইনিংসের শুরুতেই অবশ্য মুরলি বিজয়কে উইকেটরক্ষক ব্র্যাড হাডিনের ক্যাচে পরিণত করে অশনিসংকেত দিয়েছিলেন মিচেল স্টার্ক। পরে অবশ্য রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দৃঢ়তায় বড় কোনো বিপর্যয়ে পড়তে হয়নি ভারতকে। স্টার্ক, হ্যারিস, লায়ন আর হ্যাজেলউডের ওভারগুলোর ছোবল ভালোভাবেই সামলান ভারতীয় এই দুই ব্যাটসম্যান। নিজেকে প্রমাণ করার টেস্টে রোহিত শর্মা এখনো অপরাজিত আছেন ৪০ রানে। নবীন ব্যাটসম্যান লোকেশ রাহুল ৩১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় টেস্টে এসে নিজের অন্তর্ভুক্তির যৌক্তিকতা প্রমাণ করার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সূত্র: স্টারস্পোর্টস, ক্রিকইনফো।