পাহাড় টপকাতে হবে কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই যেন ব্যাটসম্যানদের বধ্যভূমি সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক। প্রথম দুই দিন যেখানে উইকেট পড়েছিল ১১টি, কাল এক দিনেই পড়ল ১৩টি! দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১০৫ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। তারপরও এই ম্যাচে প্রোটিয়ারা হেরে গেলে সেটি হবে অবিশ্বাস্য ব্যাপার। প্রথম ইনিংসে ৪৮১ করে ইনিংস ঘোষণা করা প্রোটিয়াদের সব মিলিয়ে লিড যে এখন ৩৭২ রানের। জিততে হলে নিউজিল্যান্ডকে টপকাতে হবে পাহাড়।
অথচ চাইলে দক্ষিণ আফ্রিকা আরেকবার নিউজিল্যান্ডকে ব্যাট করাতে পারত। কাল সকাল থেকেই কিউই ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে ছিলেন। এক কেন উইলিয়ামসনই যা একটু প্রতিরোধের চেষ্টা করেছেন, এক প্রান্ত আঁকড়ে থেকে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৭৭ রানে। হেনরি নিকোলস (৩৬) ও নিল ওয়াগনারই (৩১) তাঁকে একটু সঙ্গ দিতে পেরেছেন। তারপরও ফলোঅন এড়াতে পারেনি নিউজিল্যান্ড, অলআউট হয়ে গেছে ২১৪ রানে।
তবে কিউইদের ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে পড়েছে প্রোটিয়ারা। কিন্তু এবার তাদের শুরুতেই হয় বিপর্যয়। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু কুইন্টন ডি কক (৫০)। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে টিকে আছেন শুধু টেন্ডা বাভুমা (২৫*)। নিউজিল্যান্ডের চার পেসারই জ্বলে উঠেছেন, উইকেট পেয়েছেন সবাই। কিন্তু সেটি বোধ হয় একটু দেরিই হয়ে গেছে! ক্রিকইনফো, টেন ২।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪৮১/৮ ডি. ও ৩৪ ওভারে ১০৫/৬ (ডি কক ৫০, বাভুমা ২৫*; বোল্ট ২/৩৮, সাউদি ২/২৭)। নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ২১৪ (উইলিয়ামসন ৭৭, নিকোলস ৩৬, ওয়াগনার ৩১; রাবাদা ৩/৬২, স্টেইন ৩/৬৬, ফিল্যান্ডার ২/৪৩)।