পিএসএল ফাইনালের অপেক্ষায় এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগেও তিনি ব্যস্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) নিয়ে। এনামুল হকের লক্ষ্য এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কোয়েটা গ্লাডিয়েটরর্সের হয়ে পিএসএল খেলার কথা তাঁর। সে জন্য কাল সকালে বিসিবিতে এসেছিলেন অনাপত্তিপত্র (এনওসি) নিতে।
বাংলাদেশের শাহরিয়ার নাফীস পিএসএলের ফাইনাল খেলতে পারেন বলে শোনা গেলেও শুধু এনামুলই এনওসি চেয়েছেন। শাহরিয়ার কাল প্রথম আলোকে জানিয়েছেন, পিএসএলের ফাইনাল খেলার ব্যাপারে তাঁর সঙ্গে কেউ যোগাযোগে করেনি।
কিন্তু অনাপত্তিপত্র না পাওয়ায় আটকে আছে এনামুলের ভিসাপ্রক্রিয়া। জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটকিপার-ব্যাটসম্যান বললেন, ‘আজ (কাল) সকালে প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করেছি। কাল (আজ) সকালে তিনি ফোন করতে বলেছেন। এনওসি পাব কি না এখনো নিশ্চিত নই।’ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ নিয়ে কাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এ ধরনের একটি বিষয় আজ (কাল) আমরা জেনেছি। বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সার্বিক বিষয় চিন্তা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
কোয়েটা এরই মধ্যেই উঠে গেছে পিএসএলের ফাইনালে। ৫ মার্চ টুর্নামেন্টের ফাইনাল হবে লাহোরে। অনাপত্তিপত্র পেলেই পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন এনামুল।