পিএসএলে একই দলে সাকিব-তামিম

গতবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছিলেন করাচি কিংসের হয়ে। ঠিক ‘সাকিবীয়’ না হলেও সাকিব আল হাসানের পারফরম্যান্স খুব একটা খারাপও ছিল না। তবু এবার তাঁর আগের দল করাচি ধরে রাখেনি বাংলাদেশি অলরাউন্ডারকে। তবে সুযোগটা লুফে নিতে দেরি করেনি পিএসএলের অন্য দল পেশোয়ার জালমি।
পিএসএলের ড্রাফটে আজ সুযোগ পেয়ে আগামী মৌসুমের জন্য সাকিবকে দলে টেনেছে পেশোয়ার। পেশোয়ার জালমি, নামটা পরিচিতই লাগার কথা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে। গতবার তো এই দলেই খেলেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওপেনার এবারও খেলবেন পেশোয়ারে।
প্লেয়ার্স ড্রাফটে আজ শুরুতে প্লাটিনাম পিকে শহীদ আফ্রিদি, এউইন মরগান ও ওয়াহাব রিয়াজকে নিয়েছে পেশোয়ার। এরপরই শুরু হয় ডায়মন্ড পিক। আর তাতে প্রথম সুযোগেই পেশোয়ার দলে নেয় সাকিবকে। পরে গোল্ড পিকে তামিমকেও ধরে রাখে দলটি। এখন পর্যন্ত এদের সঙ্গে পেশোয়ারে যোগ দিয়েছেন ড্যারেন সামিও। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কই হচ্ছেন সাকিবের দলের অধিনায়ক।
প্লেয়ার্স ড্রাফট এখনো চলছে। গোল্ড ক্যাটাগরিতে আছেন শাহরিয়ার নাফীসও। সিলভার ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার ও শুভাগত হোম। মোট ৪১৪ জন খেলোয়াড় আছেন খেলোয়াড় ড্রাফটে।