পিএসএলে করোনার থাবা

পিএসএলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জানুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম। কিন্তু পিএসএল মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে আয়োজকদের। এরই মধ্যে তিনজন ক্রিকেটার ও পাঁচ সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন করোনায়।

ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্টের পরিচালক সালমান নাসের। করোনায় আক্রান্ত নতুন পাঁচজনকে রাখা হয়েছে আইসোলেশনে। তিন দিনের কোয়ারেন্টিন শেষ করার পর যদি আক্রান্ত ব্যক্তিদের করোনার ফল দুই দফায় নেগেটিভ আসে, তাহলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাঁরা।

টুর্নামেন্ট সামনে রেখে ২০ জানুয়ারি থেকে ছয় ফ্র্যাঞ্চাইজির আড়াই শর বেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে তাদের হোটেলে করোনা পরীক্ষা করিয়েছেন পিএসএল আয়োজকেরা। তাঁদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত হোটেলে আইসোলেশনে রাখা হবে। তিন দিনের কোয়ারেন্টিন শেষে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ পাবেন তাঁরা।

শুধু তাঁদের নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হোটেল স্টাফ ও পিসিবি কর্মকর্তাদেরও করোনা পরীক্ষা করিয়েছে। এদের বেলাতেও মানা হয়েছে একই নিয়ম।
ক্রিকেটাররা যাতে নিশ্চিন্ত মনে খেলতে পারেন, সেটাই চাওয়া টুর্নামেন্টের পরিচালক সালমান নাসেরের। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পিসিবি এখানে অংশ নেওয়া সবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায়। যাতে তাঁরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেন।’

করোনার মধ্যেও সবার স্বাস্থ্য সুরক্ষার সব রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘আমরা বর্তমানে যে পরিবেশে রয়েছি তাতে অনেকে পজিটিভ হবেন। কিন্তু ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টকে স্বাস্থ্য সুরক্ষা বলয়ে রাখতে ভালোভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে।’

পিএসএলের নিয়ম অনুসারে এবারের আসরে ১৭ ধাপে করোনা পরীক্ষা করা হবে। তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে কমপক্ষে দুটি নেগেটিভ সনদ নেওয়ার পর সুরক্ষা বলয়ে ঢুকতে হবে সবার। প্রতি দুই দিন পরপর করোনা পরীক্ষার প্রক্রিয়া চালু থাকবে। দর্শকদের জন্যও রয়েছে কড়াকড়ি। মাত্র ২৫ শতাংশ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন এবারের পিএসএলে। দর্শকদের অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক। করোনার বিধিনিষেধ মেনেই সবাইকে খেলা দেখতে হবে।