পিএসএলে দল পেলেন মুশফিকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর চতুর্থ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক খেলবেন সাকিবের দল করাচি কিংসে।
কাল লাহোরে অনুষ্ঠিত পিএসএলের দুই দিনের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার শেষ দিনে ‘সিলভার ক্যাটাগরি’ থেকে মুশফিকুর রহিমকে বেছে নিয়েছে করাচি কিংস। পরশু খেলোয়াড় বাছাইয়ের প্রথম দিনে প্লাটিনাম ক্যাটাগরি থেকে ১ লাখ ৪০ হাজার ডলারে করাচির ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছিল সাকিবকে।
খেলোয়াড় বাছাইয়ে প্রথমে মুশফিক ছিলেন ‘গোল্ড ক্যাটাগরি’তেই। কিন্তু পরশু গোল্ড ক্যাটাগরি থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে না কেনায় নিয়মানুযায়ী চলে আসেন সিলভার ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে খেলোয়াড়ের দাম ২৫ হাজার ডলার। পরশু গোল্ড ক্যাটাগরি থেকে আলাদা দুটো ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পান তামিম ও মুস্তাফিজ। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার খেলবেন পেশোয়ার জালমিতে আর ‘কাটার বিশেষজ্ঞ’ মুস্তাফিজ লাহোর কালান্দার্সে।
গোল্ড ক্যাটাগরিতে নাম থাকলেও কোনো দল পাননি সৌম্য সরকার ও শাহরিয়ার নাফীস। দ্বিতীয় দিনে সিলভার ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ, মুমিনুল হক, ইমরুল কায়েস ও এনামুল হককে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।