পিএসএলে ফিক্সিং তদন্তে ট্রাইব্যুনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনাল হয়ে গেছে, শিরোপা নিয়ে উৎসবও করে ফেলেছে পেশোয়ার জালমি। কিন্তু আলোচনায় এখনো থাকছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। স্পট ফিক্সিংয়ের যে কালো ছায়া ঘিরে ধরেছে এ টুর্নামেন্টকে, সেটা তাড়াতে হবে না! প্রথম ম্যাচের পরই ‘বাড়ি’ পাঠিয়ে দেওয়া হয়েছিল জাতীয় দলের দুই ওপেনার শারজিল খান ও খালিদ লতিফকে। এর কদিন পরই ব্রিটিশ পুলিশ স্পট ফিক্সিংয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে নাসির জামশেদকে। পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার সেদিনই বলেছিলেন, এবার আর কাউকে ছাড়া হবে না। সে পথেই এগোচ্ছে পাকিস্তান। পরশু পিসিবি ঘোষণা দিয়েছে, সাবেক বিচারপতি আসগর হায়দার এবং তৌকির জিয়া ও ওয়াসিম বারিকে নিয়ে তিন সদস্যের একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নিরপেক্ষ অনুসন্ধান শেষেই জানা যাবে বাজিকরদের থাবা পিএসএলে আসলেই পড়েছিল কিনা! এএফপি।