পিএসএলে রশিদ খানের ‌‘নো লুক’ ছয়

‘নো লুক’ ছক্কা এল রশিদ খানের ব্যাট থেকেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নো লুক’—খেলার জগতের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, এমন কেউ শব্দ দুটি শুনলে তাঁর চোখের সামনে প্রথমেই ভেসে উঠবে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনিওর নাম। ফুটবল–বিশ্বকে ‌‘নো লুক’ পাসের সঙ্গে যে পরিচয় করিয়ে দিয়েছেন তিনিই। এবার ক্রিকেট–বিশ্বকে ‘নো লুক’ শব্দ দুটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান!

ব্রাজিল, পিএসজি, বার্সেলোনা বা এসি মিলান—রোনালদিনিও যখন যেখানেই খেলেছেন, মাঠে তাঁকে মাঝেমধ্যেই দেখা যেত ‘নো লুক’ পাস দিতে। মানে পায়ে বল নিয়ে এগিয়ে যেতে যেতে নির্দিষ্ট কোনো দিকে তাকিয়ে থেকে অন্যদিকে থাকা সতীর্থকে বল দিতেন তিনি অবলীলায়!

ক্রিকেটে তো আর পাস দেওয়ার বিষয় নেই। রশিদ খান তাহলে ‌‘নো লুক’ শব্দ দুটির সঙ্গে ক্রিকেটপ্রেমীদের পরিচয় করিয়ে দিলেন কীভাবে? ছয় মারতে গিয়ে। কাল পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রশিদ। দলটিকে ২০০ পেরোনো স্কোর এনে দিতে আফগান লেগস্পিনার ৪ বলে করেছেন অপরাজিত ১৭ রান।

রশিদ এই রান করতে একটি চারের পাশাপাশি মেরেছেন দুটি ছয়। এই দুই ছয়ের একটি মারতে গিয়েই তিনি মনে করিয়ে দিয়েছেন রোনালদিনিওকে। কারণ, রশিদের একটি সেই ছক্কাটি যে ছিল দুর্দান্ত এক ‘নো লুক’ শটে! ইনিংসের শেষ ওভারে শাহনওয়াজ দাহানির বলে ছয়টি মারেন তিনি। বলের দিকে না তাকিয়ে করা রশিদের ফ্লিক ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে চলে যায় সীমানার বাইরে।

পিএসএলের টুইটারে শটটির ভিডিও শেয়ার করেছে কর্তৃপক্ষ। রশিদ খানকে ট্যাগ করে ভিডিওটির ক্যাপশন দিয়েছে, ‘এই ছয়গুলো কী আপনাদের ভালো লাগে না?’ ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়ে গেছে।

রশিদের অপরাজিত ১৭ রানের আগে ফখর জামানের ৩৫ বলে ৭৬ ও কামরান গুলামের ৩১ বলে ৪৩ রানের ইনিংসে ৫ উইকেটে ২০৬ রান তোলে লাহোর। কিন্তু জয়ের জন্য এই রান মোটেই যথেষ্ট ছিল না। শান মাসুদের ৫০ বলে ৮৩ ও মোহাম্মদ রিজওয়ানের ৪২ বলে ৬৯ রানের ইনিংসে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুলতান সুলতানস।