পিএসএলের বিদেশিদের মন অন্য কোথাও

>• পিএসএলের বিদেশি ক্রিকেটারদের নিয়ে অখুশি ফ্রাঞ্চাইজি মালিকেরা।
• অনেক বিদেশি ক্রিকেটারের চিন্তাজুড়ে কেবলই আইপিএল।
• আইপিএলে পুরোপুরি ফিট হয়ে খেলতে চান।
• অনেক বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে পিএসএলে শতভাগ না দেওয়ার অভিযোগ উঠেছে।
• জোফ্রা আর্চার ও ডোয়াইন ব্রাভোর বিরুদ্ধে অভিযোগ, চোটকে ঢাল হিসেবে ব্যবহার করছেন তাঁরা।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের আচরণে একেবারেই খুশি নন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। তাঁরা মনে করেন, পিএসএলে খেলতে এলেও এদের অনেকেরই মন পড়ে রয়েছে ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুমান, এসব বিদেশি ক্রিকেটার আইপিএলের কথা মাথায় রেখে পুরো মনোযোগ ও কমিটমেন্ট দিয়ে পিএসএলে খেলছেন না।
বার্তা সংস্থা পিটিআইকে বেশ কয়েকজন ফ্র্যাঞ্চাইজি মালিক জানিয়েছেন, বিদেশি ক্রিকেটারদের মধ্যে যেকোনো ছুতায় ম্যাচ থেকে নিজেদের সরিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। পিটিআই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জোফ্রা আর্চারের উদাহরণ টেনে জানিয়েছে, এই আর্চার কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন সম্প্রতি। ফ্র্যাঞ্চাইজি মালিক আর্চারের না খেলার নাকি কোনো কারণ খুঁজে পাননি। আর্চার সেদিন এমন আহামরি কোনো চোটে আক্রান্ত হননি যে ম্যাচ খেলা যাবে না।
কোয়েটার মালিক নাদিম ওমর আর্চারকে কিছু না বললেও তিনি অনুমান করছেন, আইপিএলের আগে পুরোপুরি ফিট থাকতেই আর্চার ছোটখাটো চোটকে বড় করে দেখছেন।
গত জানুয়ারিতে হয়ে যাওয়া আইপিএল নিলামে আর্চারকে রাজস্থান রয়্যালস কিনেছে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকায়। ক্যারিবীয় এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএলের অংশ হতে যাচ্ছেন।
অভিযোগ উঠেছে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভোকে নিয়ে। পিএসএলে পেশোয়ার জালমির এই অলরাউন্ডার মৌসুমে এখনো মাঠে নামেননি। ফ্র্যাঞ্চাইজিটি জানে, চোট থেকে সেরে না ওঠার কারণেই ব্রাভো এখনো সংযুক্ত আরব আমিরাতে পা রাখেননি। অনেক আশা নিয়ে এই ক্যারিবীয় তারকাকে দলভুক্ত করে রীতিমতো হতাশ তারা, ‘অর্থ এখানে কোনো সমস্যা নয়। কিন্তু পিএসএলে এমন একজন ক্রিকেটারকে না পাওয়াটা সত্যিই হতাশার। আমাদের দলের পরিকল্পনাই এলোমেলো হয়ে গেছে ব্রাভোকে না পাওয়ায়।’ ব্রাভো আইপিএলে ৬ কোটি রুপিতে খেলছেন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে টুর্নামেন্টে প্রত্যাবর্তনকারী দল চেন্নাই সুপারকিংসে।
চোটের অজুহাত ছাড়াও মাঠে নেমে শতভাগ পারফরম্যান্স না দেওয়ার অভিযোগও আছে অনেক বিদেশি ক্রিকেটারদের নিয়ে। ফ্র্যাঞ্চাইজিদের দাবি, এরা নিজেদের সেরা খেলাটা জমিয়ে রেখেছে আরও আকর্ষণীয় আইপিএলের জন্য।
পুরো বিষয়টাকেই স্বাভাবিক হিসেবেই দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট, ‘এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের অভাব নেই। সবাই জানে, এদের মধ্যে আইপিএল খেলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যায়। আইপিএলে অনেক বেশি প্রচার পাওয়া যায়। স্বাভাবিকভাবেই আইপিএলে একজন খেলোয়াড় শতভাগ ফিট হয়ে খেলতে চান। সেখানে অনেক বেশি টাকাও পাওয়া যায় প্রচারও ভালো পাওয়া যায়।’
এবারের পিএসএলে দুটি প্লে–অফ অনুষ্ঠিত হবে লাহোরে। ফাইনাল করাচিতে। নিরাপত্তা ইস্যুতে যেহেতু পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক তারকারা পা রাখতে চান না, সেহেতু টুর্নামেন্টের শেষ দিকে নতুন করে বিদেশি ক্রিকেটারদের নিয়ে সংকটে পড়বেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।