পিএসজি চাইলে মেসিকে আটকাতে পারবে না বার্সা
দলবদলের বাজারে কতভাবে যে দুইয়ে দুইয়ে চার মেলানো যায়!
লিওনেল মেসি বার্সেলোনায় খুশি নন, সে তো পুরোনো খবর। তাঁকে বার্সায় ধরে রাখতে গেলে আগামী জানুয়ারিতে বার্সায় সভাপতি নির্বাচনে জেতা প্রার্থীকে অনেক কসরত করতে হবে, সে-ও বহুল আলোচিত কথা। বার্সা ছাড়লে মেসির ঠিকানা ম্যানচেস্টার সিটি নয়তো পিএসজি হতে পারে, সে গুঞ্জনও সর্বজনবিদিত।
এর মধ্যে নতুন করে পিএসজি ও মেসিকে ঘিরে গুঞ্জন শুরু হয়েছে গতকাল থেকে। সেটি দুটি কারণে। এক, ব্যালন ডি’অরে মেসির ভোট দেখার পর। দুই, বার্সার সভাপতি নির্বাচনে প্রার্থী অগুস্তো বেনেদিতো বলেই দিয়েছেন, পিএসজি মেসিকে চাইলে তাঁকে আর আটকাতে পারবে না বার্সা।
ব্যালন ডি’রে মেসির ভোটের সঙ্গে পিএসজির সম্পর্ক কী, প্রথমে সেটি পরিষ্কার করা যাক।
আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ব্যালন ডি’অরে ভোট তো সব সময়ই দেন মেসি। তা ভোটে তো আর নিজেকে নির্বাচন করা যায় না, এবার মেসির চোখে সেরা তিন ফুটবলার যথাক্রমে ছিলেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও রবার্ট লেভানডফস্কি।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা দুই দল থেকেই তাঁর সেরা তিন নির্বাচন করেছেন মেসি, এর মধ্যে নেইমার আর এমবাপ্পেকে রেখেছেন সবার ওপরে। ব্যস, তাতেই কেউ মজা করে বলছেন তো কেউ একটু ভিন্ন সুরে দলবদলের গুঞ্জন তুলছেন এ থেকেই। মেসি নাকি তাঁর ভবিষ্যৎ দুই সতীর্থকে নির্বাচিত করেছেন সেরা হিসেবে!
এ গুঞ্জন যদি হয় ‘নাচুনে বুড়ি, তাতে ঢোলের বাড়ি’ হিসেবে কাজ করবে অগুস্তো বেনেদিতোর কথা। এমনিতেই বার্সার সভাপতি নির্বাচনে প্রার্থীরা মেসির ভবিষ্যৎ–বিষয়ক প্রশ্নগুলোকে অনেক বড় একটা ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছেন।
বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হবে এই মৌসুমের শেষে। বার্সা সভাপতি নির্বাচনে প্রার্থীদের মধ্যে ভিক্তর ফন্ত বা হোয়ান লাপোর্তারা মেসিকে ধরে রাখার নানা উপায়কে নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছেন।
মেসি সাফ জানিয়ে দিয়েছেন, বার্সায় নিয়মিত শিরোপা জিতে যাওয়ার মতো ‘স্পোর্টিং প্রজেক্ট’ নেই বলেই তাঁর ক্লাবে থাকার ইচ্ছা নেই। লাপোর্তা-ফন্তরা ক্লাবে জেতার মতো প্রকল্প তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
আবার কেউ কেউ মেসির বেতনের প্রসঙ্গ তুলে তাঁকে রাখা ক্লাবের জন্য নেতিবাচক হবে বলে উল্টোভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বার্সার হয়ে এ নিয়ে তৃতীয়বার সভাপতি পদে লড়তে যাওয়া বেনেদিতো মেসিকে ধরে রাখতে চাইছেন, তবে সেটির জন্য পিএসজির মতো ক্লাবের সঙ্গে আর্থিক সামর্থ্যের লড়াইয়ে গেলে বার্সা পারবে না বলেও জানিয়ে দিয়েছেন।
‘আমরা সবাই চাই, ও বার্সায় চালিয়ে যাক। বিশ্বের সেরা খেলোয়াড় ও। আমি শুনেছি, লিও বলেছে ও বার্সা ছাড়তে চায়। এই সিদ্ধান্ত ও কিছু না ভেবে নেয়নি। তাই (সভাপতি নির্বাচিত হলে) আমাদের প্রথম কাজ হবে ওর মন বদলানো। কারণ, ইউরোপের অন্য কোনো দল যদি মেসিকে আমাদের ধরে রাখার পথের মধ্যে এসে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় আমরা পারব না,’ স্প্যানিশ দৈনিক মার্কায় বলেছেন বেনেদিতো।
মেসির পিএসজিতে যাওয়া নিয়ে কদিন ধরে গুঞ্জন বেশি ছড়াচ্ছে এই মাসের শুরুর দিকে নেইমারের কথার পর। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছিলেন, ‘আমার সবচেয়ে বড় চাওয়া হলো মেসির সঙ্গে আবার খেলা, আবার মাঠে তার খেলাটা উপভোগ করা। সে আমার জায়গায় খেলতে পারে, এতে আমার কোনো সমস্যা নেই! তবে আগামী বছরই আমি তার সঙ্গে খেলতে চাই।’
সেটি নিয়েও মার্কায় কথা বলেছেন বেনেদিতো,‘যখন নেইমারের কথাগুলো শুনেছি, আমি বলেছিলাম, এদের (পিএসজি) ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ, পিএসজি কাতারের মালিকানাধীন, যারা কিনা বিশ্বকাপ আয়োজন করছে। পিএসজি যদি (মেসিকে) চায়, তাহলে আর্থিক লড়াইয়ের দিক থেকে ওদের সঙ্গে আমরা টিকতে পারব না।’ বেনেদিতো শুধু প্রার্থনায়, ‘চাই এমন একটা দিন আসুক, যেদিন মেসি বলবে ২০ বছর পরও সে বার্সায় থেকে যেতে চায়।’