পিচ নিয়ে শাস্ত্রীয় জবাব
মোহালি থেকে বেঙ্গালুরু, তারপর নাগপুর। ভেন্যু বদলেছে, কিন্তু উইকেটের চরিত্র বদলায়নি। গল্প সেই একটাই—দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক...এই দুনিয়া ঘোরে বন বন...।
প্রায় তিনটি টেস্টের উইকেটেই বল আসলে ‘বন বন’ ঘুরেছে। ব্যাটসম্যানরা থিতুই হতে পারেননি, রান করবেন কী! সুবিধাটা ভারতই পেয়েছে বেশি। স্পিন তো কখনোই দক্ষিণ আফ্রিকার শক্তির জায়গা নয়। ফল, তিন টেস্টের একটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও দক্ষিণ আফ্রিকা সিরিজে পিছিয়ে ২-০ ব্যবধানে।
তবে উইকেট নিয়ে সমালোচনাও শুনতে হচ্ছে ভারতকে। বিশেষ করে নাগপুরে তিন দিনেই টেস্টের সমাপ্তি দেখে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন সরাসরিই বলেছেন, ‘জঘন্য উইকেট এটা।’ অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল টুইট করেছেন, ‘নারকীয় উইকেট।’ অস্ট্রেলিয়ারই সাবেক ওপেনার ম্যাথু হেইডেন বলেছেন, ‘দেখে খুব হতাশ লাগছে, টেস্ট ক্রিকেটকে কোথায় নামিয়ে আনা হয়েছে!’
সমালোচনার জবাব আগেই দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এবার ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী তোপ দাগলেন ম্যাক্সওয়েল ও হেইডেনের দিকে, ‘ওরা অস্ট্রেলিয়ায় বসে নিজেদের উইকেট নিয়ে কথা বলুক না। ভারতের উইকেট নিয়ে কথা বলে সময় নষ্ট করার কী দরকার! আসুক না এখানে খেলতে। আমরা যখন বিদেশে খেলতে যাই, আমাদের কি কোনো পছন্দ থাকে?’
স্পিনিং উইকেটে খেলাটাকে সিমিং উইকেটের মতোই চ্যালেঞ্জিং বলে মনে করেন শাস্ত্রী, ‘কোন আইনে আছে শুধু পঞ্চম দিনে যাতে বল ঘোরে এমন উইকেট বানাতে হবে, প্রথম দিন থেকে বল ঘুরতে পারবে না? কোথায় লেখা আছে সব সময় সিমিং উইকেট হতে হবে?’
খেলা পাঁচ দিনে না গড়ানোয় যাঁরা আক্ষেপ করছেন, তাঁদের জন্য শাস্ত্রী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পার্থ টেস্টের উদাহরণ টেনেছেন, যেখানে পাঁচ দিনের খেলায় রানের বন্যা বয়ে গেলেও ফল হয়নি। শাস্ত্রী তাই সরাসরিই বললেন, ‘আপনি নাগপুর টেস্টের সঙ্গে পার্থ টেস্টের তুলনা করুন না। পয়সা দিয়ে খেলা দেখতে হলে আমি তো নাগপুরের ম্যাচটাই দেখব। নিকুচি করি আমি পাঁচ দিন খেলার!’ সিডনি মর্নিং হেরাল্ড।
এক নজরে ইউরোপিয়ান ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম ০: ০ চেলসি
লিভারপুল ১: ০ সোয়ানসি
নরউইচ ১: ১ আর্সেনাল
লালিগা
এইবার ০: ২ রিয়াল মাদ্রিদ
গেটাফে ২: ০ ভিয়ারিয়াল
অ্যাটলেটিকো ১: ০ এসপানিওল