পিচ বদলাতেই বদলাল ভারতের ব্যাটিংও

১৯তম ওভারের খেলা চলছে। ভারতের ইনিংসের বাকি আর ৯ বল। ১৮৬ রান হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দলের। দু শ হবে? - ভাবনাটা ছিল এমনই। ভাবনার সুতোয় টান দিলেন থিসারা পেরেরা। ওভারের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ - টানা তিন বলে তুলে নিলেন হার্দিক পান্ডিয়া, সুরেশ রায়না ও যুবরাজ সিংয়ের উইকেট। হ্যাটট্রিক! টি-টোয়েন্টি ইতিহাসই যে কীর্তি দেখেছে কেবল আর তিনবার।
চাইলে এখান থেকে রাঁচির দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ইনিংসের গল্পটা বুঝে নিতে পারেন। শেষ দুই ওভারে এসেই যা একটু ‘লড়াই’ করতে পারল লঙ্কানরা। এ ছাড়া ইনিংসের বাকি সময়জুড়ে চলেছে ভারতীয় ব্যাটসম্যানদের তাণ্ডব! শেষ পর্যন্ত যা থেমেছে দুই শ থেকে মাত্র ৪ রান দূরে।
প্রথম ম্যাচে যা ঘটল, আজ দ্বিতীয় ম্যাচে হলো তার ঠিক বিপরীত। পুনেতে প্রথম টি-টোয়েন্টিতে পিচ ছিল ঘন সবুজ, তাতে শ্রীলঙ্কার বোলারদের তোপের মুখে কোনোমতে এক শ পার করেছিল ভারত। আজ পিচ বদলাল, বদলে গেল ভারতের ব্যাটিংও। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে মহেন্দ্র সিং ধোনির দল।
শুধু যুবরাজ সিংই ‘অভাগা’, না হলে যে আজ ভারতের রান উৎসবে ছিল অন্য সবার নিমন্ত্রণ। দুই ওপেনারই সবচেয়ে ভয়ংকর। রোহিত শর্মা ৩৬ বলে ৪৩, আর শিখর ধাওয়ান তো তাঁর চেয়েও একটু বেশি মারকুটে - ২৫ বলে ৫১! মাত্র ৭ ওভারেই ৭৫ রান এসেছে এই জুটির কল্যাণে। এই দুজন মিলে যে তাণ্ডব শুরু করেছেন, তাতে যোগ দিয়েছেন প্রায় সবাই। রাহানে-রায়না তো ছিলেনই। রাহানে ২১ বলে ২৫, রায়না করেছেন ১৯ বলে ৩০। এমনকি এর আগে ক্যারিয়ারে ৪ টি-টোয়েন্টিতে মাত্র ২ রান করা হার্দিক পান্ডিয়াও আজ শেষ দিকে নেমে ১২ বলে তুলেছেন ২৭ রান!
তবে পিচের কারণে শুধু ভারতের ব্যাটিং বদলেছে বললে একটু একপেশে বর্ণনাই হবে। মরা পিচে শ্রীলঙ্কার বোলিংয়ের চেহারাও তো কেমন নীরস। গত ম্যাচেই অভিষিক্ত কাসুন রাজিথার বোলিংয়েই এর প্রমাণ। গতদিন প্রথম দুই ওভারে ১০ রানে পেয়েছিলেন ২ উইকেট। আর আজ? ২ ওভারে ২৪, উইকেটশূন্য। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য। বাকি প্রায় সবারই একই অবস্থা। পেরেরা হ্যাটট্রিক করে আর দুষ্মন্ত চামিরা ২ উইকেট নিয়ে নিজেদের ওভাবে মার খাওয়ার ক্ষতে শুধু একটু প্রশান্তিই এনে দিতে পারলেন।
এখন এমন পিচে লঙ্কানরা কী করতে পারেন সেটিই দেখার বিষয়। সূত্র: স্টার স্পোর্টস ওয়ান।