পিছিয়ে পড়েও টেস্ট জয়

দুই দলের প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ছিল ১৯২ রানে, গল টেস্টে জিতল সেই শ্রীলঙ্কাই। প্রথম ইনিংসে পিছিয়ে থাকার হিসাবে শ্রীলঙ্কার এটাই সবচেয়ে বড় ঘুরে দাঁড়ানো জয়। বিশ্ব রেকর্ডটা অস্ট্রেলিয়ার। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় অস্ট্রেলিয়া জিতেছিল প্রথম ইনিংসে ২৯১ রানে পিছিয়ে পড়ার পরেও। টেস্টে সব মিলিয়ে প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকার পরেও ম্যাচ জেতার ঘটনা সাতটি। ২০০৬ সালে ওভালের ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ ও ২০০০ সালের সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচটিকে রাখা হয়নি হিসাবে। সেঞ্চুরিয়নে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা একটি করে ইনিংস ছেড়ে দিয়েছিল। আর ওভালে ইংল্যান্ড জিতেছিল পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোয়।
এই সাত ম্যাচের তিনটিতে আবার জিতেছিল ফলোঅনে পড়া দল। প্রথম ঘটনাটি ১৮৯৪-র অ্যাশেজে। সিডনির ‘টাইমলেস’ টেস্টে ফলোঅন করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করে ৪৩৭ রান। ১৭৭ রানের লক্ষ্যের সামনে ছুটে বাঁহাতি স্পিনার ববি পিলের ঘূর্ণিজাদুতে অস্ট্রেলিয়া অলআউট ১৬৬ রানেই। ৬৭ রানে ৬ উইকেট নেন পিল।
৮৭ বছর পর হেডিংলিতে পুনরাবৃত্তি হয় সিডনি-কাণ্ডের। মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়াই। ২২৭ রানে পিছিয়ে থেকে ফলোঅনে নামা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানেই হারায় ৭ উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া ইয়ান বোথাম এবার ব্যাটিং-শৌর্য দেখালেন। শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে ২২১ রান যোগ করে ১৪৯ রানে অপরাজিত ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। ১৩০ রানের লক্ষ্য, বব উইলিসের (৮/৪৩) তাণ্ডবে ১১১ রানেই শেষ অস্ট্রেলিয়া।
প্রায় ২০ বছর পর কলকাতার ইডেন গার্ডেনে ভারতের শিকার এই অস্ট্রেলিয়াই। ভিভিএস লক্ষ্মণ (২৮১) ও রাহুল দ্রাবিড়ের (১৮০) দুই মহাকাব্যিক ইনিংসে ঘুরে দাঁড়ায় ফলোঅন করা ভারত। পঞ্চম উইকেটে ৩৭৬ রান যোগ করেন এঁরা। ৬৫৭ রানে ইনিংস ঘোষণা করার পর অস্ট্রেলিয়াকে প্রায় দুই সেশনের মধ্যেই ২১২ রানে অলআউট করে ১৭১ রানের জয়। হরভজন নিয়েছিলেন ৬ উইকেট।
টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয়
কলম্বো, ১৯৯২
১ম ইনিংসে ব্যবধান: ২৯১ রান
অস্ট্রেলিয়া: ২৫৬ ও ৪৭১
শ্রীলঙ্কা: ৫৪৭/৮ ডি. ও ১৬৪
ফল: অস্ট্রেলিয়া ১৬ রানে জয়ী
ডারবান, ১৯৫০
১ম ইনিংসে ব্যবধান: ২৩৬ রান
দক্ষিণ আফ্রিকা: ৩১১ ও ৯৯
অস্ট্রেলিয়া: ৭৫ ও ৩৩৬/৫
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
কলকাতা, ২০০১
১ম ইনিংসে ব্যবধান: ২৭৪ রান
অস্ট্রেলিয়া: ৪৪৫ ও ২১২
ভারত: ১৭১ ও ৬৫৭/৭ ডি. (ফলোঅন)
ফল: ভারত ১৭১ রানে জয়ী
হেডিংলি, ১৯৮১
১ম ইনিংসে ব্যবধান: ২২৭ রান
অস্ট্রেলিয়া: ৪০১ ও ১১১
ইংল্যান্ড: ১৭৪ ও ৩৫৬ (ফলোঅন)
ফল: ইংল্যান্ড ১৮ রানে জয়ী
সিডনি, ১৮৯৪
১ম ইনিংসে ব্যবধান: ২৬১ রান
অস্ট্রেলিয়া: ৫৮৬ ও ১৬৬
ইংল্যান্ড: ৩২৫ ও ৪৩৭ (ফলোঅন)
ফল: ইংল্যান্ড ১০ রানে জয়ী
সিডনি, ২০১০
১ম ইনিংসে ব্যবধান: ২০৬ রান
অস্ট্রেলিয়া: ১২৭ ও ৩৮১
পাকিস্তান: ৩৩৩ ও ১৩৯
ফল: অস্ট্রেলিয়া ৩৬ রানে জয়ী
প্রথম ইনিংসে ১৯০ বা তার বেশি রানে পিছিয়ে থাকার পর